Last Updated:
Skyroot, Vikram-1: মহাকাশ যাত্রায় আরও এক মাইলফলক ছুঁল ভারত৷ এই প্রথম দেশের কোনও প্রাইভেট স্পেস রকেট পাড়ি দিল সফলভাবে৷ বিক্রম ১ উৎক্ষেপণের পর স্কাইরুটকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?
নয়াদিল্লি: মহাকাশ যাত্রায় ইতিহাস গড়ল ভারত৷ শনিবার দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণের পর শনিবার স্কাইরুট অ্যারোস্পেসের পুরো দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সাফল্যকে “দেশের জন্য বড় অর্জন” এবং “ভারতের মহাকাশ অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে উল্লেখ করেন।
হায়দরাবাদ-ভিত্তিক স্কাইরুট অ্যারোস্পেস-এর ‘বিক্রম-১’ (Vikram-1)-এর সফল উৎক্ষেপণের মাধ্যমেই নিজেদের যাত্রা শুরু করল৷ বেসরকারি সংস্থার মাধ্যমে কক্ষপথে রকেট উৎক্ষেপণে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ভারত। সফল উৎক্ষেপণের পরই আনন্দে ফেটে পড়ে স্কাইরুট অ্যারোস্পেসের দল। করতালি, উচ্ছ্বাস, শিস আর একে অপরকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা।
এই উদযাপনের মাঝেই বেজে ওঠে একটি ফোন। ফোনের অপর প্রান্তে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিক্রম-১-এর ঐতিহাসিক সফল উৎক্ষেপণের পর তিনি নিজেই ফোন করে স্কাইরুট দলের আনন্দের অংশীদার হন। ঐতিহাসিক এই সাফল্যের জন্য স্কাইরুটের তরুণ দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা ভারতকে গর্বিত করেছেন।”
স্পিকারফোনে উপস্থিত পুরো দলের সামনে স্কাইরুট অ্যারোস্পেসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা-কে উদ্দেশ করে মোদী আরও বলেন, “আপনারা ভারতের স্বপ্নকে মহাকাশে প্রতিষ্ঠিত করেছ। একই সঙ্গে দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবের মাটিতে ভিত গড়ার শক্তিও দিয়েছেন।”
মোদী বলেন, “আমি উৎক্ষেপণটি দেখছিলাম। এই মিশনের পিছনে যে দল কাজ করেছে, তারা খুবই তরুণ। পুরো দলকে আমার আন্তরিক অভিনন্দন।”
হায়দরাবাদ-ভিত্তিক স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস-এর ‘মিশন আগমন’-এর অধীনে বিক্রম-১ রকেটটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC-SHAR) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত সকাল ১১টা ৩০ মিনিটের উৎক্ষেপণের ঠিক আগে প্রযুক্তিগত কারণে অল্প সময়ের জন্য কাউন্টডাউন স্থগিত রাখা হলেও পরে সফলভাবেই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
এই উৎক্ষেপণের মাধ্যমে প্রথমবার ভারতের মাটি থেকে কোনও বেসরকারিভাবে তৈরি অরবিটাল-শ্রেণির রকেট মহাকাশে পৌঁছানোর চেষ্টা সফল হল। এর ফলে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য নতুন যুগের সূচনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “এই মিশন শুধুই শুরু। আমাদের এই সাফল্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।”
Kolkata,West Bengal
