Last Updated:
Nashik murder: বিয়ে ঠিক হয়ে গিয়েছে প্রাক্তন প্রেমিকার৷ রাগে, ২০ বছরের তরুণীকে খুনের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে৷ খুনের পর তরুণীর বর্তমান বাগদত্তাকে ফোনে কী বলেন অভিযুক্ত?
নাসিক: ২০ বছরের তরুণীকে নির্মম হত্যার অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে৷ অভিযোগ, অন্য একজনকে বিয়ে করতে চলেছেন জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে প্রেমিক সাহিল লাভহারে প্রাক্তন প্রেমিকা বৈষ্ণবীকে ছুরি নিয়ে হামলা করে৷ এরপর বৈষ্ণবীর বাগদত্তাকে ফোনে জানায়, “বৈষ্যু শেষ”। কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি গাছে সাহিলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পর আত্মহত্যা করেছে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম বৈষ্ণবী আভারে৷ শুক্রবার রাতে নাসিকের ইন্দিরানগর এলাকার বনসম্পদা গার্ডেন (Vansampada Garden)-এর কাছে বৈষ্ণবী ও সাহিলের দেখা হয়। দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে তীব্র বচসা চলে।
অভিযোগ, সেই সময়ই রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে বৈষ্ণবীকে একের পর এক ছুরিকাঘাত করে সাহিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত৷ পরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার আগে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈষ্ণবীর৷
এই ঘটনার সবচেয়ে শিউরে ওঠার মতো দিক হল, খুনের ঠিক আগে বৈষ্ণবী তাঁর বাগদত্তার সঙ্গে ফোনে কথা বলছিলেন। ফোনেই তিনি বলেন, “সাহিল এখানে এসেছে, তাড়াতাড়ি এসো।”
বাগদত্তা সঙ্গে সঙ্গে কর্মস্থল থেকে রওনা দেন। তবে তিনি ফোন কেটে দেননি। প্রায় ২২ মিনিট ধরে ফোনের ওপার থেকে দু’জনের তর্ক-বিতর্ক শুনতে পান তিনি।
হঠাৎই ফোনে সাহিল বলে ওঠে, “বৈষু শেষ।” এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে বৈষ্ণবীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাগদত্তা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবীর বাড়ি মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। অন্যদিকে সাহিলের বাড়ি ইয়বতমাল জেলার উমরখেড় এলাকায়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, বৈষ্ণবী অন্য একজনকে বিয়ে করতে চলেছেন— এই তথ্য সাহিল কীভাবে জানতে পেরেছিল এবং সেই তথ্য তাকে কে দিয়েছিল। ঘটনায় তদন্ত শুরু করেছে নাসিক পুলিশ।
Kolkata,West Bengal
