Last Updated:
Women Empowerment: নারীদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ প্রকল্পটি ফের চালু হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় খুশি উপভোক্তারা, পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার সাধারণ মানুষ।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নারী ক্ষমতায়নে জোর, দক্ষিণ ২৪ পরগনায় জোরকদমে চলছে ভিবিজি-রাম জি। সাগর থেকে শুরু করে নামখানা, পাথরপ্রতিমা সর্বত্র কাজ শুরু হচ্ছে। ফলে খুশি সকলেই। এই কাজ জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নদীবাঁধে মাটি ফেলা থেকে গ্রামীণ রাস্তায় মাটি দেওয়া সবকিছু হয় এর মাধ্যমে।
ভিবি-জি রাম-জি আইন, ২০২৫-এর আওতায় মোট সুবিধাভোগীর অন্তত এক-তৃতীয়াংশ নারী হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে মহিলারা বেশি কাজ পাচ্ছেন। এ নিয়ে স্বপ্না দাস নামের এক মহিলা জানিয়েছেন, দীর্ঘ ৩-৪ বছর কাজ পায়নি তারা। এবার ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ পাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই খুশি তারা।
এ নিয়ে সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে এই কাজ খুব দরকার। তবে এই কাজে জেলায় দূর্ণীতি হয়েছিল। সেই সব সরিয়ে নতুন ভাবে কাজ শুরু হয়েছে।
নারী-প্রধান পরিবার ও অবিবাহিত নারীদের অগ্রাধিকার দিয়ে বিশেষ জব কার্ড দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। গ্রামীণ এলাকায় জীবিকা উন্নয়নের লক্ষ্যে কম্পোস্ট ও ভার্মি-কম্পোস্ট ইউনিট, নার্সারি, পশুপালন কেন্দ্র, মৎস্যচাষের অবকাঠামো, সংরক্ষণাগার এবং গ্রামীণ হাট নির্মাণের মতো উৎপাদনশীল সম্পদ গড়ে তোলার কথা বলা হয়েছে।
নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়াতে নারী কর্মীদের জন্য পৃথক মজুরির হার নির্ধারণেরও প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া যে কর্মস্থলে কর্মরত নারীদের সঙ্গে পাঁচ বছরের কম বয়সী পাঁচ বা তার বেশি শিশু থাকবে, সেখানে শিশুযত্ন কেন্দ্র চালু করা বাধ্যতামূলক করার কথা উল্লেখ করা হয়েছে।
২০২১ সালের পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্প পুনরায় চালু হওয়ায় স্বস্তিতে এলাকার সাধারণ মানুষ।
Kolkata,West Bengal