Last Updated:
Tree Plantation: বিশ্ব উষ্ণায়ন ও কংক্রিটের ইমারতের দাপটে যখন সবুজ প্রকৃতি বিপন্ন, ঠিক তখনই পরিবেশ সচেতনতায় এক অভাবনীয় পদক্ষেপ নিল মেদিনীপুরের এক বিদ্যালয়। প্রচলিত প্রথা ভেঙে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে রোপণ করলেন গাছের চারা। বিজ্ঞান মঞ্চ ও স্থানীয় সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ জেলাজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ‘একটি গাছ, অনেক প্রাণ’— এই কথাটি আমাদের সকলেরই জানা। কিন্তু বর্তমানে সভ্যতার আগ্রাসন ও উন্নয়নের জাঁতাকলে পড়ে ক্রমশ হারিয়ে যেতে বসেছে আমাদের চারপাশের সবুজ প্রকৃতি। যত্রতত্র মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক কংক্রিটের ইমারত। আর অকারণে সভ্যতার কোপে পড়ছে অগণিত গাছ। এই উদ্বেগজনক পরিস্থিতিতে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ভগবতী দেবী শিক্ষানিকেতন। প্রচলিত রীতির বাইরে গিয়ে, শুধুমাত্র কোনও ফাঁকা জায়গায় নয়, একেবারে পড়ুয়াদের বাড়িতে গিয়ে চারাগাছ লাগালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
রাজ্য সরকারের সবুজায়নের ভাবনাকে সম্পূর্ণ এক নতুন মাত্রা দিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ। অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানের মতো কেবল পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেননি তাঁরা। ছাত্রছাত্রীরা বাড়িতে সত্যিই গাছ লাগাচ্ছে কি না, এবং পরিবেশ রক্ষায় তারা ও তাদের পরিবারের সদস্যরা কতটা তৎপর, তা সরেজমিনে খতিয়ে দেখতে এক অভাবনীয় পদক্ষেপ নেন শিক্ষকরা। তাঁরা কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে প্রাথমিক ভাবে প্রায় সত্তরের বেশি পড়ুয়ার বাড়িতে পৌঁছে যান। এরপর ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বাড়ির আঙিনাতেই চারাগাছ রোপণ করেন তাঁরা।
মহৎ এই উদ্যোগে বিদ্যালয়কে পূর্ণ সহযোগিতা করেছে এলাকার একাধিক সামাজিক সংগঠন ভগবতী দেবী পিটিটিআই, বেলদা বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, খাকুড়দা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ, কাগজের নৌকা। গাছ লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাছের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন শিক্ষক-শিক্ষিকারা। বর্তমান যুগে যখন চারপাশের পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে, তখন ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে এই ধরনের সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সাধারণত ফাঁকা স্থানে বা রাস্তার ধারে গাছ লাগানোর কর্মসূচি আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু ভগবতী দেবী শিক্ষানিকেতনের এই উদ্যোগ একেবারেই ভিন্ন। আগামী দিনে পরিবেশ রক্ষায় এই ধরনের কর্মসূচি আরও বেশি করে গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনেরা। ছোট পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির এই কাজ সত্যিই খুব ভাল। খড়গপুর-সহ গোটা জেলার শিক্ষানুরাগী ও সাধারণ মানুষ স্কুলের এই ব্যতিক্রমী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
Paschim Medinipur,West Bengal
Jul 20, 2026 11:41 AM IST