Last Updated:
Environment Knowledge: ব্যতিক্রমী পরিবেশ সচেতনতা কর্মসূচি। কেবল গাছ লাগানোই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিষাক্ত ও ক্ষতিকর গাছ নষ্ট করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে পার্থেনিয়াম গাছ উপড়ে ফেলা কতটা জরুরি, সেই শিক্ষা দেওয়া হয়েছে খুদে পড়ুয়াদের। পাঠ্যবইয়ের তত্ত্বকে দূরে সরিয়ে নেযা হয়েছে হাতেকলমে শিক্ষা।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শুধু গাছ লাগানো নয়, মাঝে মধ্যে ক্ষতিকর গাছ তুলতেও হয়, এমন বার্তা দিলেন শিক্ষকরা। মথুরাপুর ২ নং ব্লকের কৌতলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে পরিবেশ ভাল রাখতে এই বার্তা দেন। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের এই বার্তা দিয়েছেন তাঁরা। কৌতলার মানিক পাত্রের বাঁধের কাছে এই উপলক্ষ্যে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা একত্রিত হয়েছিলেন।
সেখানে বিষাক্ত পার্থেনিয়াম গাছ নষ্ট করেন তাঁরা। এই গাছ পরিবেশে থাকলে তা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে, ফলে এই গাছকে উপড়ে ফেলতে হবে, এই কথা জানান শিক্ষকরা। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা একযোগে এই কাজ করেন। এরপর গাছের বীজ ছড়িয়ে দিতে সিডবল ছড়ানোর উদ্যোগ নেন।
এ নিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা শশাঙ্ক হালদার জানান, গাছ যেমন বসাতে হবে, তেমন ক্ষতিকর গাছ তুলে ফেলতে হবে। পাঠ্যবইয়ে ছাত্র-ছাত্রীদের পার্থেনিয়াম নিয়ে পড়ানো হয়। কিন্তু তারা তা জানে না। ফলে একেবারে হাতেকলমে ওই বিষাক্ত গাছ চেনানো হয়। সেই সঙ্গে ওই গাছ সরিয়ে সেখানে সিডবল ফেলা ও বৃক্ষরোপণের বার্তা দিয়ে পরিবেশ সবুজ করার বার্তা দেওয়া হয়।
South Twenty Four Parganas,West Bengal
Jul 20, 2026 10:16 PM IST