Last Updated:
রাজেশ কুমারের পাশাপাশি এ দিন বিধানসভায় কোচবিহারের শীতলকুচি কাণ্ড নিয়ে সরব হয়েছেন আর এক প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপি বিধায়ক দেবাশিস ধর৷
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটে হারায় ১০ জন আইপিএস অফিসারকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠিয়েছিল রাজ্য সরকার৷ বিধানসভায় দাঁডিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জগদ্দলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার৷ শুধু নন্দীগ্রামের এই ঘটনা নয়, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার দময়ন্তী সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়রান করেছিল বলে এদিন অভিযোগ করেছেন জগদ্দলের বিজেপি বিধায়ক৷
এ দিন বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়েই তৃণমূল সরকারের আমলে পুলিশ আধিকারিকদের হয়রান এবং অপদস্থ করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন রাজেশ কুমার৷
দময়ন্তী সেনের নাম না নিয়েই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের উদাহরণ দিয়ে রাজেশ কুমার বলেন, একজন সিনিয়র আইপিএস মহিলা আধিকারিক যখন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্ত করছিলেন, তদন্তের আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী এই ঘটনাকে সাজানো বলে উড়িয়ে দিয়েছিলেন৷ পরে যখন সেই অফিসার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করলেন তখন সেই অফিসারকে শাস্তি দেওয়া হল৷ তাঁকে মানসিক ভাবে হতোদ্যম করে দেওয়ার চেষ্টা হল৷ ধারাবাহিক ভাবে ওই মহিলা অফিসারকে হয়রান করা হয়েছে৷
এর পরেই ২০২১ সালে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন রাজেশ কুমার৷ তিনি দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকজন আইপিএস অফিসার নতুন দায়িত্বে এনেছিল৷ এডিজি পশ্চিমাঞ্চলের দায়িত্ব পেয়েছিলেন রাজেশ কুমার৷ জগদল্লের বিজেপি বিধায়ক বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে ভোটে হারলেন ততক্ষণাৎ ১০ জন আইপিএস অফিসারকে ৫ বছরের জন্য কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল৷ ওনার শপথগ্রহণের আগেই ওই অফিসারদের কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল৷ পাঁচ বছর ধরে ওই অফিসারদের উপরে অত্যাচার করা হল৷ শাস্তি দেওয়ার একটাই কারণ, কেন সঠিক ভাবে ভোট করানো হল, কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষে ভোটের ফল এল না৷’
শুধু রাজেশ কুমার নয়, সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক আর এক প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরও এ দিন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে সরব হন৷ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোচবিহারের তৃণমূল নেতী পার্থপ্রতীম রায়ের ফোনে কথোপকথনের ভাইরাল অডিও রেকর্ডিংয়ের তদন্তের দাবি জানান দেবাশিস ধর৷ শীতলকুচি কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হল না, সেই প্রশ্নও তুলেছেন কোচবিহারের সেই সময়ের পুলিশ সুপার দেবাশিস ধর৷
Kolkata,West Bengal
