Last Updated:
কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর CJP দাবি করেছে, তাদের তিনটি দাবির মধ্যে দু’টি মেনে নিয়েছে সরকার। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে সিদ্ধান্তের জন্য সরকার আগামিকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে বলে জানিয়েছে CJP।
নয়াদিল্লিঃ প্রায় এক ঘণ্টা ধরে চলার পর শেষ হল Cockroach Janata Party (CJP) এবং কেন্দ্র সরকারের বৈঠক। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিপি রুমে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিং। অন্যদিকে CJP-র প্রতিনিধিত্ব করেন দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে শিক্ষা ব্যবস্থা ও প্রশ্নফাঁস রোধ সংক্রান্ত নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেন CJP প্রতিনিধি সৌরভ দাস ও অশুতোস রাঙ্কা।
বৈঠক শেষে CJP-র মুখপাত্র সৌরভ দাস জানান, দলের উত্থাপিত তিনটি দাবির মধ্যে দু’টি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। পরীক্ষা বাতিলের জেরে প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিবেচনা করার জন্য সরকার আগামিকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। সৌরভ দাস স্পষ্ট করে বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনওরকম আপস করা হবে না। এই দাবি আমাদের কাছে সম্পূর্ণ অ-আলোচনাযোগ্য (non-negotiable)।”
সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের অনশন শেষ করেছেন। তাঁর কথায়, “দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা মাথায় রেখেই” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি অনশন ভাঙেন। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। তাঁর পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলিও।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে এক্স (X)-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপ নিয়ে শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।” তিনি বলেন, “প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের কাছে অত্যন্ত বেদনাদায়ক।”
উল্লেখ্য, গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে Cockroach Janata Party (CJP) অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার।
Kolkata,West Bengal
