নয়াদিল্লি: NEET আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ার কথা এবার স্বীকার করে নিল RAF. পেলেট গান থেকে দুই রাউন্ড ছররা গুলি ছোড়া হয় বলে স্বীকার করে নেওয়া হল। গত ২০ জুলাই আন্দোলনকারীদের ‘সংসদ চলো’ অভিযানে ছাত্রছাত্রীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ার অভিযোগ ওঠে। আক্রান্ত একজনের শরীরে যে ক্ষত তৈরি হয়, তাঁকে সশরীরে হাজির করিয়ে বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলির কথা স্বীকার করে নিল RAF. (Pellet Guns on NEET Protesters)
গত ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট থানায় জেনারেল ডায়েরি হয়। RAF-এর ডেপুটি কম্যান্ডান্টের তথ্যের ভিত্তিতেই ডায়েরি (DD) হয়েছিল ওই দিন। আর সেই সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, প্রাণঘাতী নয়, এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল। ফাটানো হয়েছিল ইলেকট্রিক্যাল শেল, পাঁচটি কাঁদানে গ্যাসের শেল। অ্যান্টি-রায়ট গান থেকে ২-২ রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। (CJP Protests)
আরও পড়ুন: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
The Hindu প্রথম বিষয়টি সামনে আনে। DD-তে এন্ট্রি নম্বর 0008A সামনে আনে তারা। জানা যায়, ঘটনাস্থলে মোতায়েন থাকা ডেপুটি পুলিশ কমিশনার, CRPF-এর ডেপুটি কম্যান্ডান্ট প্লাস্টিক পেলেট ছোড়ার নির্দেশ দেন। ছররা গুলিতে কমপক্ষে চার জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। এক জন দৃষ্টিশক্তি হারানোর পথে। CRPF-এর তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে অভ্যন্তরীণ তদন্তে দেখা গিয়েছে, ২০ জুলাই CRPF অফিসারদের পেলেট গান ইস্যু করা হয়।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে ২৩দিন ব্যাপী ধর্না এবং অনশনের পর, গত ২০ জুলাই CJP-র নেতৃত্বে সংসদভবন অভিযানে নামেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীদের লক্ষ্য করে সেখানে ছররা গুলি ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এর আগে কাশ্মীর, মণিপুরে ছররা গুলি ছোড়ার ভূরি ভূরি অভিযোগ সামনে এলেও, রাজধানীর বুকে শান্তিপূর্ণ আন্দোলনে ছররা গুলি চালানোর অভিযোগ ওঠে এই প্রথম। জানা যায়, ১৯ বছর বয়সি সাহিল লোচাবের শরীরে বিঁধে যায় ছররা গুলি। তাঁর একটি চোখ নষ্ট হওয়ার জোগাড়। ‘AIIMS জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে’ ভর্তি ছিলেন সাহিল। চিকিৎসকরা জানান, তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ১ শতাংশ।
আরও পড়ুন: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে ‘প্রযুক্তিগত ত্রুটি’
সেই সময় দিল্লি পুলিশ পেলেট গান ব্যবহারের কথা অস্বীকার করে। CRPF-এর ব়্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) কোনও প্রতিক্রিয়া জানায়নি। সেই আবহে সংবাদমাধ্যমের সামনে এক তরুণকে নিয়ে হাজির হন রাহুল। ছররা গুলিতে আহত ওই তরুণের শরীরের ক্ষতচিহ্ন তুলে ধরেন গোটা দেশের সামনে। তবে এবার সরকারি রেকর্ডেই ছররা গুলি ছোড়ার প্রমাণ মিলল।