Last Updated:
NCPI MPs in NDA Meeting: আজ এনডিএ-র সঙ্গে প্রথম বৈঠকে মোদি-শাহ-রাজনাথদের সঙ্গে একই আসনে দেখা গেল এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। তাঁর পিছনের সারিতেই দেখা গেল শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শর্মিলা সরকারদের।
নয়াদিল্লি: মঙ্গলবার সংসদে ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে যেন চাঁদের হাট। শাসক শিবির এনডিএ-তে ‘গ্র্যান্ড ওয়েলকাম’ জানানো হল তৃণমূল ছেড়ে আসা ‘NCPI’ সাংসদদের। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে এনডিএ-র শরিক হল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নতুন সাংসদরা। এদিন এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একই সারিতে দেখা গেল বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। দ্বিতীয় সারিতেই ছিলেন শতাব্দী রায় ও বাকি সাংসদদের। উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও।
বৈঠকের শুরুতেই সাংসদদের নাম ধরে ধরে চলে পরিচয়পর্ব। সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী মোদি। তবে NDA-র সঙ্গে জুড়ে যাওয়া বা এনডিএ-তে যোগদানের বিষয়ে যে জল্পনা চলছিল, তা যে সঠিক নয়, সে বিষয়টিও স্পষ্ট হয়ে গেল আজ। বিজেপিতে মিশে যাওয়া নয়, এনডিএ-র শরিক হিসেবেই আপাতত থাকছে এনসিপিআই। বৈঠক সেরে বেরিয়ে জুন মালিয়া, শতাব্দী রায়, শর্মিলা সরকারদের সকলেরই ছিল একই বক্তব্য – এই বৈঠক অত্যন্ত সুশৃঙ্খল, আগে এই অভিজ্ঞতা ছিল না। প্রধানমন্ত্রীর এত কাছে পৌঁছন, তাঁর একেবারে নাম ধরে ধরে কথা বলায় আপ্লুত এনসিপিআই সাংসদরা।
এদিন প্রথম এনডিএ বৈঠকের পর সিএনএননিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি খুশি এবং অভিভূত।” সাংসদ বিরোধী দলকে পরামর্শ দেন, তারা যেন আগামী দিনে সংসদের কাজে বিঘ্ন না ঘটায়।”
এনডিএ বৈঠক থেকে বেরিয়ে প্রতিক্রিয়া জানান শতাব্দী রায়। তিনি জানান, এনসিপিআইয়ের সাংসদদের এনডিএর বৈঠকে আজ স্বাগত জানানো হয়। পরে প্রধানমন্ত্রী নিজে কথা বলেন সাংসদদের সঙ্গে। যদিও আজ প্রধানমন্ত্রী বক্তব্য রাখেননি অবশ্য। আগামী দিনে কী কী বিল আসতে চলেছে, কী কী উদ্দেশ্যে আনা হচ্ছে তার বিস্তারিত বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেন এনসিপিআই সাংসদরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুস্মিতা দেবও।
Kolkata,West Bengal
