Last Updated:
MSME Business Growth: পূর্ব মেদিনীপুরের ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর ভাগ্য বদলাতে বিশাল উদ্যোগ! ব্লকভিত্তিক হস্তশিল্প ক্লাস্টার গড়ে তুলে দালালি চক্র খতম করার মাস্টারপ্ল্যান তৈরি করল জেলা পরিষদ। পরিকল্পনার বাস্তবায়ন হলেই কারিগরদের ঘরে আসবে মোটা অঙ্কের কাঁচা টাকা।
তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে হস্তশিল্পের ক্লাস্টার গড়ে তোলার চিন্তাভাবনা জেলা প্রশাসনের। আর তার ফলেই জেলার অর্থনৈতিক মানচিত্র অনেকটাই বদলে যাবে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ হয়। কোথাও ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে নানান জিনিস। আবার কোথাও ফুল থেকে তৈরি হচ্ছে সুগন্ধি। কোথাও আবার মোষের শিং দিয়ে তৈরি হচ্ছে কারুকার্য ও নানান ধরনের ব্যবহার্য জিনিস। এর পাশাপাশি পট শিল্প সহ একাধিক হস্তশিল্পের সঙ্গে যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের শিল্পীরা। বর্তমানে এই হস্তশিল্প তাদের রোজগারের অন্যতম মাধ্যম। এবার সেই হস্তশিল্পের বিকাশ ঘটিয়ে জেলার অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চিন্তাভাবনা নিল প্রশাসন।
পূর্ব মেদিনীপুরে ব্লকভিত্তিক শিল্প ক্লাস্টার গড়ে তোলার উদ্যোগ নিল জেলা পরিষদ। জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হস্তশিল্পীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দার উপস্থিতিতে এক বিশেষ উন্নয়ন বৈঠকে এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার প্রায় ৮০ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে চিহ্নিত করে তাঁদের দক্ষতার ভিত্তিতে শিল্পভিত্তিক ক্লাস্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ব্লকে যে ধরনের ঐতিহ্যবাহী বা স্থানীয় শিল্পের সঙ্গে মানুষ যুক্ত, সেই শিল্পকে কেন্দ্র করেই প্রশিক্ষণ, উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা গড়ে তোলা হবে।
হস্তশিল্পের সামগ্রী বিক্রির ক্ষেত্রে দেখা যায়, মধ্যস্বত্বভোগীরা হস্তশিল্পীদের কাছ থেকে কম দামে পণ্য কিনে বেশি লাভ করে। সেই প্রবণতা রুখতে জেলা পরিষদ সরাসরি ক্রেতাদের সঙ্গে উৎপাদকদের সংযোগ গড়ে তুলতে উদ্যোগী হবে, যাতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানান, “এমএসএমই দফতরের মাধ্যমে ব্লকভিত্তিক শিল্প ক্লাস্টার গড়ে তুলে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই সরকারের লক্ষ্য।” কোথাও মাদুর, কোথাও কার্পেট, কোথাও মৃৎশিল্প, পিতলের কাজ বা অন্যান্য ঐতিহ্যবাহী শিল্প, প্রতিটি ব্লকের বৈশিষ্ট্য অনুযায়ী ক্লাস্টার তৈরি হবে।
জেলা পরিষদ সূত্রে জানা যায় ২৫০ থেকে ১,০০০ শিল্পীদের নিয়ে ছোট-বড় ক্লাস্টার গড়ে তুলে উৎপাদন ও বিপণনের ব্যবস্থা করা হবে। আধিকারিকদের এ বিষয়ে দ্রুত পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই পরিকল্পনার প্রাথমিক কাজ সম্পূর্ণ করে পুজোর পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে এই শিল্পভিত্তিক ক্লাস্টারগুলির মাধ্যমে হস্তশিল্পী সহ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয় বৃদ্ধির পথ খুলে যাবে। হস্তশিল্প তৈরি করেন বিভিন্ন কারিগর। এতদিন তাঁরা এসব সামগ্রী বিভিন্ন মধ্যস্থতাকারী বা অন্য মাধ্যমের সাহায্যে বিক্রি করতেন। এখন তাঁরা সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবেন।
Purba Medinipur,West Bengal
Jul 28, 2026 10:51 PM IST
MSME Business Growth: সরকারের নয়া পরিকল্পনায় হুড়মুড়িয়ে বাড়বে আয়়, হস্তশিল্পীদের ঢেলে দেবেন মা লক্ষ্মী! কোন চালে ঘুরবে খেলা? প্রস্তুত নীলনকশা