Last Updated:
CENTCOM-এর দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর নির্দেশে হামলা চালানো ‘ইরান-সমর্থিত সন্ত্রাসবাদী’ গোষ্ঠীগুলি।
রিয়াধ: মঙ্গলবার ইরান-সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে যৌথ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও সৌদি আরব। গত ৭২ ঘণ্টায় মার্কিন বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে ৩০টিরও বেশি ড্রোন হামলার পর এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, এই হামলায় টার্গেট ছিল ‘ইরান-সমর্থিত সন্ত্রাসবাদীরা’, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর নির্দেশে হামলা চালাচ্ছিল।
সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘‘গত ৭২ ঘণ্টায় আইআরজিসি-নির্দেশিত ৩০টিরও বেশি আকাশপথে ড্রোন হামলার জোরালো জবাব হিসেবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমান পূর্ব ইরাকজুড়ে একাধিক সন্ত্রাসী লজিস্টিক্স ও অস্ত্রভাণ্ডার ঘাঁটিতে হামলা চালিয়েছে।’’
মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, আমেরিকার বাহিনীকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলাগুলি সফল হয়নি। পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, ‘‘আইআরজিসি এবং তাদের সন্ত্রাসী মদতপুষ্ট গোষ্ঠীগুলিকে এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় আরও সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।’’
যৌথ বিমান হামলার আগে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, দেশের পূর্বাঞ্চলের তেল ভান্ডারগুলিকে লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন তাদের বাহিনী ধ্বংস করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনগুলি ইরাকের ভূখণ্ড থেকে ইরান-ঘনিষ্ঠ সন্ত্রাসবাদীরা উৎক্ষেপণ করেছিল।
আল-মালিকি বলেন, ‘‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তেল স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা একাধিক ড্রোনকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।’’ তিনি আরও দাবি করেন, এই হামলাগুলি ‘‘ইরান-ঘনিষ্ঠ সন্ত্রাসী গোষ্ঠীগুলির’’ দ্বারা পরিচালিত হয়েছে।
Kolkata,West Bengal
