Last Updated:
আবহাওয়া দফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জল জমা রাস্তা, নদী-নালা বা প্রবল স্রোতযুক্ত এলাকা এড়িয়ে চলতে এবং যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
নয়াদিল্লি: রাজধানী দিল্লি ও সমগ্র এনসিআর জুড়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লি-এনসিআরের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবারের বৃষ্টিতেই রাজধানীর একাধিক এলাকায় জল জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী ও স্কুলপড়ুয়াদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুলাই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, ফলে অস্বস্তিকর গরমও বজায় থাকবে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। ৩১ জুলাই থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে IMD। এদিকে উত্তর অভ্যন্তরীণ ওড়িশা ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া দীপ ডিপ্রেশন পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তীসগঢ়ের মধ্যাঞ্চলে সক্রিয় রয়েছে। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে এগিয়ে চলা এই আবহাওয়া ব্যবস্থা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি উদ্বেগজনক। ডোডা ও কিশ্তোয়ার জেলায় সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখা হয়েছে। যদিও পড়াশোনা চালিয়ে যেতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। চেনাব উপত্যকার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির পাশাপাশি ভূমিধস, আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) এবং মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী তিন দিন জম্মু বিভাগে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ ভারতেও আবহাওয়ার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তামিলনাড়ুর পশ্চিমঘাট সংলগ্ন নীলগিরি, কোয়েম্বাটুর ও থেনি জেলায় আগামী সাত দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে চেন্নাই-সহ উপকূলবর্তী ও সমতল এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। কোথাও কোথাও পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেও জানিয়েছে IMD।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
