Last Updated:
ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দল থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম পরিচিত জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দল থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শীঘ্রই এ বিষয়ে দলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হতে পারে।
তীক্ষ্ণ রাজনৈতিক বিতর্কের জন্য পরিচিত ৩৮ বছর বয়সি শেহজাদ পুনাওয়ালা দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম মুখপাত্র হিসেবে দলের অবস্থান তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সমর্থক হিসেবেও তিনি পরিচিত।
উল্লেখযোগ্যভাবে, তাঁর এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে নিজেকে “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী” বলে উল্লেখ করা হলেও সেখানে বিজেপির নাম নেই। তবে ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও তিনি নিজেকে বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবেই পরিচয় দিয়েছেন।
বৃহস্পতিবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকার পুনরায় শেয়ার করেন শেহজাদ। সেই সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “আমি প্রায় ১৮-১৯ বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। খুব অল্প বয়সে শুরু করেছিলাম। আমার মনে হয়, আমি আমার রাজনৈতিক জীবনে যে জায়গায় পৌঁছতে চেয়েছিলাম, সেখানে পৌঁছে গিয়েছি। ২০২৪ সালেই ভেবেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার সরকার গঠনের পর আমি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াব।”
তিনি আরও বলেন, “তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী মোদীর মুখে যে আবেগ দেখেছিলাম, তা আমাকে ভাবতে বাধ্য করে। তখন আমরা ঠিক করি, আগামী এক-দু’বছরের মধ্যে দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ-সহ গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন জিতে একটি বার্তা দেওয়া হবে। সেই লক্ষ্য পূরণের পর আমার মনে হয়েছে, এবার সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসেছে।”
কে এই শেখজাদ পুনাওয়ালা?
পেশায় আইনজীবী এবং নাগরিক অধিকারকর্মী শেখজাদ পুনাওয়ালা রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। তাঁর অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি করার জন্য নির্বাচন প্রক্রিয়া ‘কারচুপি’ করা হয়েছিল।
এই মন্তব্যের পর কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এমনকি তাঁর ভাই তাহসিন পুনাওয়ালাও প্রকাশ্যে তাঁর থেকে দূরত্ব বজায় রাখেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং দলের জাতীয় মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে দলের অবস্থান তুলে ধরার দায়িত্ব পান।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
