Last Updated:
1 Crore Rupees Government Subsidy: ব্যবসা শুরু বা সম্প্রসারণের পরিকল্পনা করছেন? কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্পে সর্বোচ্চ ₹১ কোটি পর্যন্ত সরকারি ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে। কারা আবেদন করতে পারবেন, কী কী শর্ত রয়েছে এবং আবেদন পদ্ধতি কী—জেনে নিন বিস্তারিত।
মালদহ, জিএম মোমিন: উদ্যানপালন চাষে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং কৃষকদের আর্থিকভাবে উৎসাহিত করতে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকারের ন্যাশনাল হর্টিকালচার বোর্ড। বৃহস্পতিবার মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত জেলা স্তরের সচেতনতামূলক কর্মসূচিতে কৃষক, উদ্যোক্তা, এফপিও, এফপিসি, স্টার্ট-আপ এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
এনএইচবি-র রাজ্য ডেপুটি ডিরেক্টর ড. তপন কুমার গিরি জানান, “আনারস, আম, লিচু, সবজি, ফুল, মাশরুম, ঔষধি উদ্ভিদ-সহ প্রায় ৮০ ধরনের উদ্যানপালন ফসলের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে। প্রকল্প ব্যয়ের ভিত্তিতে সর্বোচ্চ ২ কোটি টাকার প্রকল্পে ১ কোটি টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। সংরক্ষিত চাষাবাদে ৫০ শতাংশ এবং খোলা চাষাবাদে ৪০ শতাংশ ভর্তুকির ব্যবস্থা রয়েছে। সংরক্ষিত চাষাবাদের জন্য ন্যূনতম ১ একর এবং খোলা চাষাবাদের জন্য ৫ একর জমি প্রয়োজন। নেট হাউস, গ্রিন হাউস, প্যাক হাউস, কোল্ড স্টোরেজ, বাণিজ্যিক উদ্যানপালন ও ফসল-পরবর্তী পরিকাঠামো নির্মাণেও এই সহায়তা দেওয়া হবে।”
কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব বলেন, “এই প্রকল্প মালদহের উদ্যানপালন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। আগ্রহীরা নিজেই কেন্দ্র সরকারের www.nhb.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা অথবা ১০-১৫ বছরের দীর্ঘমেয়াদি ইজারা দলিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি প্রয়োজন হবে। আবেদন সংক্রান্ত সহায়তার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করা যাবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক অনুপ প্রসাদ সাউ বলেন, “৪০ থেকে ৫০ শতাংশ ভর্তুকির সুযোগ কৃষকদের আধুনিক চাষে উৎসাহিত করবে। এই প্রকল্পের ফলে বাণিজ্যিকভাবে অগ্রগতি আসবে জেলায়।”
এদিনের কর্মশালায় প্রায় ১৫০ জন কৃষক, বিজ্ঞানী, ব্যাঙ্কার, সরকারি আধিকারিক ও উদ্যোক্তা অংশ নেন। বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এনএইচবি-র বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উদ্যানপালন সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
Kolkata,West Bengal
Jul 31, 2026 12:52 PM IST