Last Updated:
Sheikh Hasina: ‘২০২৪-এর আন্দোলন শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না’, কোটা আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনার।
নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমবার লাইভ নিজের বক্তব্য তুলে ধরলেন। বুধবার তিনি দাবি করেছেন, ২০২৪ সালে বাংলাদেশের জুলাই-অগাস্টের আন্দোলন কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। তাঁর অভিযোগ, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে পরিকল্পিতভাবে সরকার পরিবর্তনের লক্ষ্যে একটি সহিংস রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হয়েছিল।
নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কোটা সংস্কার আন্দোলনের সমাধানে আলোচনা, আইনি প্রক্রিয়া এবং আলোচনার পথেই এগিয়েছিল। কিন্তু সংগঠিত কয়েকটি গোষ্ঠী আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে।
শেখ হাসিনার দাবি, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে আন্দোলন আরও হিংসাত্মক হয়ে ওঠে। খুন, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তিতে হামলা এবং বাহিনীর উপর আক্রমণের ঘটনা ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বহু মানুষ নিহত, নিখোঁজ বা গ্রেফতার হয়েছেন এবং লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁর সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্তও বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি।
Kolkata,West Bengal
