Last Updated:
নয়ডার সেক্টর ৮২-র ফ্ল্যাট থেকে লোকসভা সচিবালয়ের ডিরেক্টর গৌরব গৌতমের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কথিত সুইসাইড নোটে ঋণের প্রসঙ্গের উল্লেখ মিলেছে, তদন্ত চলছে।
নয়ডা: লোকসভা সচিবালয়ের এক ডিরেক্টরের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। মৃত আধিকারিকের নাম গৌরব গৌতম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নয়ডার সেক্টর ৮২-এর কেন্দ্রীয় বিহার-২ আবাসনের নিজের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি কথিত সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যেখানে ঋণের প্রসঙ্গ উল্লেখ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ওই নোটের সত্যতা এবং তাতে লেখা তথ্য খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গৌরব গৌতমের স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। পরে তিনি বাড়ি ফিরে দেখেন ফ্ল্যাটটি ভিতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। এরপর আবাসনের নিরাপত্তারক্ষীর সাহায্যে দরজা খুলে ভিতরে ঢুকতেই স্বামীকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফেজ-২ থানার পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাস্থলের বিস্তারিত পর্যবেক্ষণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে পাঠানো একটি মেমোর ভিত্তিতে এই ঘটনার আনুষ্ঠানিক নথিভুক্তি করা হয়।
ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কথিত সুইসাইড নোটে ঋণের চাপের কথা উল্লেখ রয়েছে। তবে শুধুমাত্র ওই নোটের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছতে রাজি নয় পুলিশ। গৌতমের আর্থিক লেনদেন, ব্যক্তিগত পরিস্থিতি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক পরীক্ষার ফলাফল এবং সুইসাইড নোটের বিশ্লেষণ সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata,West Bengal
