Last Updated:
নারকেল চাষিদের জন্য সুখবর! নারকেল গাছের পরিচর্যা এবং ফল পাড়ার কাজ এবার আরও সহজ হতে চলেছে। এতে সময় ও পরিশ্রম কমার পাশাপাশি চাষিদের সুবিধা বাড়বে। জেনে নিন বিস্তারিত।
হাওড়া, রাকেশ মাইতি: নারকেল গাছের দেখভাল ও ফল সংগ্রহের জন্য ‘কোকো মিত্র কেন্দ্র’ ও প্রশিক্ষণ কর্মসূচি। নারকেল চাষের ক্ষেত্রে একটি বড় প্রধান সমস্যা হল নারকেল গাছ থেকে নারকেল তোলা বা পেড়ে আনার (হারভেস্ট) জন্য অভিজ্ঞ শ্রমিক বা শ্রমিকের অভাব। এই সমস্যার সমাধানের লক্ষ্যে নারকেল উন্নয়ন বোর্ড (Coconut Development Board) প্রায় ৬-৭ বছর আগে ‘ফ্রেন্ডস অব কোকোনাট ট্রি’ (Friends of Coconut Tree) নামক একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গেও অনেককে গাছে ওঠার কৌশল শেখানো হয় এবং প্রয়োজনীয় মেশিন বা সরঞ্জাম প্রদান করা হয়।
তবে দেখা গেছে, অনেকে প্রশিক্ষণ নেওয়ার পরও পেশাগতভাবে এই ক্ষেত্রে নামতে পারছেন না। ফলে সাধারণ মানুষ বা চাষিরা নারকেল গাছে ওঠার মত লোক এখনও পর্যাপ্ত পাচ্ছেন না। এই সমস্যা দূর করতে নারকেল উন্নয়ন বোর্ড এখন ‘কেরা কৌশল কেন্দ্র’ (Kera Kaushal Kendra) এবং নতুন একটি স্কিম ‘কোকো মিত্র কেন্দ্র’ (Koko Mitra Kendra) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
কোনও এনজিও (NGO), সোসাইটি বা এফপিও (FPO) যদি এই কেন্দ্র চালু করতে চায়, তবে তারা একটি আইনি সংস্থা (Legal Entity) হিসেবে নিবন্ধিত হতে হবে। এই কেন্দ্রগুলি স্থানীয় মানুষদের গাছে ওঠা ও নারকেল গাছের পরিচর্যার প্রশিক্ষণ দেবে। কেন্দ্রটিকে শুরুর দিকে নারকেল উন্নয়ন বোর্ড আর্থিক সহায়তা দেবে, যার মাধ্যমে তারা নারকেল গাছে ওঠার মেশিন ও স্প্রে করার সরঞ্জাম কিনতে পারবে। এই সরঞ্জামগুলি ওই কেন্দ্রের স্থায়ী সম্পত্তি (Asset) হিসেবে থাকবে।
প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা প্রয়োজনমত কেন্দ্র থেকে মেশিন নিয়ে ফিল্ডে কাজ করতে পারবেন এবং কাজ শেষে মেশিন কেন্দ্রে ফেরত দেবেন। এর ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি হবে। যেসব সাধারণ মানুষ বা কৃষকদের নারকেল গাছ রয়েছে কিন্তু গাছে ওঠার লোক পাচ্ছেন না, তারা সরাসরি এই ‘কোকো মিত্র কেন্দ্র’-এ যোগাযোগ করলে কেন্দ্র থেকেই প্রশিক্ষিত লোক পাঠান হবে।
নারকেল গাছে ওঠা কেবল নারকেল পাড়ার জন্য নয়, গাছের সঠিক সময়ে সাফ-সাফাই ও রক্ষণাবেক্ষণ না করলে ফলন বাড়ে না। কেন্দ্র থেকে সরবরাহ করা স্প্রে মেশিন ও যন্ত্রপাতির সাহায্যে গাছের সঠিক দেখভাল করা সম্ভব হবে। বিস্তারিত জানান, নারকেল উন্নয়ন বোর্ডের রাজ্য ডেপুটি ডিরেক্টর শ্রীমতি মৃদুলা কে। তিনি জানান, কেন্দ্রটিকে রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) অথবা নারকেল উন্নয়ন বোর্ড/সিপিসি (CPC)-র অধীনে নিবন্ধিত সংস্থা (Society / FPO / NGO) হতে হবে। কেন্দ্র পরিচালনার জন্য নিজস্ব বা নির্দিষ্ট স্থান/বিল্ডিং থাকতে হবে।প্রশিক্ষণের সময় প্র্যাকটিস বা অনুশীলনের সুবিধার্থে কেন্দ্র চত্বরে নারকেল গাছ থাকা আবশ্যক।
Haora,West Bengal