সন্দীপ সরকার, কলকাতা: আশঙ্কা ছিলই। সেটাই বাস্তব হল। গ্রেফতার হলেন চন্দননগরের ক্রিকেটার অভিষেক পোড়েল। বাংলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য। আইপিএলে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
বাংলার বাঁহাতি ব্যাটসম্যান-উইকেটকিপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এক তরুণী অভিযোগ করেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন অভিষেক। তার চেয়েও চাঞ্চল্যকর অভিযোগ হল, ওই তরুণীর আপত্তিকর ছবি দেখিয়ে নাকি ব্ল্যাকমেল করেছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা দায়ের করা হয়। যার মধ্যে বেশিরভাগই জামিন অযোগ্য মামলা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার আগের শুনানিতে নির্দেশ দেন, অভিষেকের কাছে থাকা মোবাইল ফোন সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে হবে হুগলির মগরা থানার পুলিশকে। সেই সঙ্গে পুলিশকে তাদের পদক্ষেপের বিস্তারিত তথ্য সহ রিপোর্ট জমা দিতে বলা হয়।
আজ, মঙ্গলবার, ১১ অগাষ্ট ছিল মামলার শুনানি। মগরা থানার তরফে বিচারপতিকে জানানো হয়েছে যে, গ্রেফতার করা হয়েছে অভিষেক পোড়েলকে। তাঁকে চুঁচুড়া কোর্টে পেশ করা হবে।