তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বিয়ের বছর পার হয়নি, তার মধ্যেই ভাঙনের সুর রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) আর শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)-র সংসারে। শোনা যাচ্ছে, রণজয়ের বাড়ি থেকে নাকি আলাদা থাকছেন শ্যামৌপ্তি। অন্যদিকে বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। এই ধারাবাহিকের নায়িকা, অভিকা মালাকারের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এখন কান পাতলেই শোনা যাচ্ছে টলিপাড়ায়। রণজয়ের স্ত্রী, শ্যামৌপ্তির সঙ্গে তাঁর সম্পর্কের শুরুও ধারাবাহিকের সেটেই। এর আগেও একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে রণজয়ের, চর্চাও হয়েছে বিস্তর। বিতর্ক, সম্পর্কের গুঞ্জন কী প্রভাব ফেলে রণজয়ের কাজের ওপরেও? কীভাবে সবটা সামলান তিনি?
সম্পর্ক নিয়ে গুঞ্জনের উত্তরে মুখ খুললেন রণজয়
এবিপি লাইভ বাংলাকে রণজয় বলছেন, ‘ধরুন একজন সরকারি কর্মচারী, তাঁর বাড়িতে স্ত্রীয়ের সঙ্গে সমস্যা হয়েছে। EMI দিতে পারছেন না, বাড়ি ভাড়া দিতে পারছেন না। তবুও তাঁকে অফিসে এসে তাঁর কাজটা করে যেতে হয়। সেটাই তাঁর চাকরি। আমার কাজটাও সেরকমই। তাঁর কাজের ধরণ আলাদা, আমার আলাদা। তবে ১৭-১৮ বছর হয়ে গেল, আমি এই কাজটা করে যাচ্ছি। এখন অভ্যাস হয়ে গিয়েছে। তাই বলে ব্যক্তিগত সম্পর্কের সমস্যা যে আমার ওপর প্রভাব ফেলে না, এটা ভাবা ভুল। আমিও তো মানুষ! কিন্তু এই বয়সে দাঁড়িয়ে মনে হয়, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হয়, কারণ কাজের জন্য আমি শিরোনামে থাকি। সেই কাজটাই যদি না থাকে, তাহলে কোনোটাই হবে না। আমি যদি বাড়িতে চুপ করে বসে থাকি, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার না করি, তাহলে ১০ জনের এটা ভাবতে সুবিধা হবে যে.. আমি খুব খারাপ আছি। অথচ আমি মুখ ফুটে তো তা বলিনি.. তাঁদের ধারণাটা আমার ওপর চাপিয়ে দেওয়া তাহলে সুবিধা হবে। আসলে মানুষ তাঁদের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই সামনের মানুষটাকে বিচার করার চেষ্টা করেন। একজন মানুষের বড় হয়ে ওঠা যেভাবে, জীবনচর্চা যেভাবে, যে পাড়ায় সে থাকে, সেখানকার পরিবেশ কেমন.. এই সবকিছুর প্রভাব সেই বিশেষ মানুষটার ওপরেও পড়ে। সেইমতোই সে সামনের মানুষটাকে বিচার করার চেষ্টা করে। এটা ব্যক্তিগত পছন্দ। যাঁর মন উদার, সমস্ত দিক বিচার করতে পারেন, তৃতীয় ব্যক্তির নজর থেকে যিনি গোটা বিষয়টা দেখতে পারবেন… হয়তো তিনি বুঝতে পারবেন। প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে তো ব্যাখ্যা করা সম্ভব নয়। বাইরের লোকেরা আমায় নিয়ে কী চর্চা করল, তার থেকে আমায় অনেক বেশি আঘাত দেয় যদি আমার নিজের কোনও মানুষ আমায় নিয়ে খারাপ ভাবেন।’