কলকাতা: তিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা। একসময় রাজনীতির ময়দানেও নেমেছিলেন। সেই দীপেন্দু বিশ্বাস এবার বেনজির আক্রমণের মুখে পড়লেন বিগ বসের ঘরে। তাঁকে ‘ভেড়া’ বলে আক্রমণ করা হল। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
স্টার জলসায় বিগ বস বাংলা শো নিয়ে অনেকেই আগ্রহী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় যে রিয়ালিটি শো সঞ্চালনা করছেন। সেখানেই অন্যতম প্রতিযোগী ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সেখানেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। তাঁর সঙ্গেই অশান্তি লাগল দীপেন্দুর।
ঠিক কী হয়েছে?
টাস্কের মাঝে মতবিরোধ হওয়ায় ঘরের সকলকে ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করেন রাজবীর। যা শুনে মেজাজ হারান দীপেন্দু বিশ্বাস। রীতিমতো তেড়ে যান রাজবীরের দিকে। বলেন, ‘আমাকে ভেড়া বলবে না। দীপেন্দু বিশ্বাস কাউকে ভয় পায় না।’
যদিও তাতে রাজবীরকে থামানো যায়নি। তিনি রীতিমতো ভেংচে বলতে থাকেন, ‘ভেড়ার দল তো সব এখানে।’ তিনি ভেড়ার ডাক অনুকরণ করে অঙ্গভঙ্গিও করতে থাকেন।
সেটা শুনে প্রতিবাদ করেন সায়ক চক্রবর্তী। রাজবীরের উদ্দেশে কনটেন্ট ক্রিয়েটর সায়ক বলেন, ‘বড়দের সম্মান করতে শেখো।’ তবে রাজবীর থামেননি। বলেন, ‘আমি রেসপেক্ট তাদেরই দেব যারা রেসপেক্টের দাবিদার।’
বিগ বস বাংলায় নতুন ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে টাস্ক ছিল। রাজবীর বিগ বসের ঘরে প্রবেশ করার পর থেকেই নেতৃত্বের দাবিদাবির হিসাবে নিজেকে তুলে ধরছেন রাজবীর। তা নিয়ে তাঁর সঙ্গে অনেকের বাদানুবাদও চলছে। জয়িতা চট্টোপাধ্যায় ছাড়া বিগ বস বাংলার ঘরের প্রায় সকল প্রতিযোগীই রাজবীরের বিরুদ্ধে।
ক্যাপ্টেন নির্বাচনের জন্য বেশ কিছু টাস্ক চলাকালীনই ঘরের সকলকে ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করেন রাজবীর। সকলেই তার প্রতিবাদ করেন। তবে দীপেন্দুর প্রতিক্রিয়া রীতিমতো অগ্নিগর্ভ করে তোলে পরিস্থিতি। অভিযোগ, দীপেন্দুও আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন। এমনিতে বিগ বসের ঘরে গত ১০ দিনে একবারও কারও সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়নি দীপেন্দুকে। এমনকী, তিনি অতিরিক্ত চুপ থাকছেন বলেও সমালোচনা হয়। অনেকেই ভেবেছিলেন যে, দীপেন্দু বিগ বসের লড়াই থেকে ছিটকে যেতে পারেন। সেই তিনিই এখন শিরোনামে।