নয়াদিল্লি: বড় ধাক্কা খেল টাটা সন্স (Tata Sons). শেয়ার বাজারে নথিভুক্ত না হয়ে, প্রাইভেট কোম্পানি হিসেবে থাকতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। টাটা গ্রুপের প্রিন্সিপাল হোল্ডিং সংস্থা টাটা সন্সকে নির্দেশিকা মেনে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হল। অর্থাৎ টাটা সন্সকে বাজারে IPO আনতেই হবে। নাম নথিভুক্ত করতে হবে শেয়ার বাজারে। (TATA Sons IPO)
স্বেচ্ছায় নিজেদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সারেন্ডার করতে চেয়েছিল টাটা সন্স। অনিবন্ধিত কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে যাতে গণ্য করা হয় তাদের, জানিয়েছিল আবেদন। টাটা ট্রাস্টের চেয়ারম্যান তথা টাটা সন্সের ডিরেক্টর নোয়েল টাটাও সংস্থাকে অনিবন্ধিত রাখার পক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করল RBI. (TATA Group)
আরও পড়ুন: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
RBI আবেদন প্রত্যাখ্যান করায় NBFC upper layer অনুযায়ী শেয়ার বাজারে নিজেদের নথিভুক্ত করতেই হবে টাটা সন্সকে। ২০২৪ সালের মার্চ মাসে কোর ইনভেস্টমেন্ট হিসেবে প্রাপ্ত রেজিস্ট্রেশন সারেন্ডার করতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। সেই মতো ২১ হাজার ৮১৩ কোটি টাকার ঋণও আগেভাগে শোধ করে দিয়েছিল। সেই নিয়ে এতদিন টানাপোড়েন চলছিল।
RBI-এর বিধি অনুযায়ী, ১ লক্ষ কোটি টাকার সম্পদের অধিকারী নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলিকে NBFC হিসেবে চিহ্নিত করে RBI. বর্তমানে টাটা সন্সের সম্পদের পরিমাণ প্রায় ২.০১ লক্ষ কোটি টাকা, যা নির্ধারিত সীমার দ্বিগুণ। নিয়ম অনুযায়ী নজরদারির আওতায় থেকে IPO আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাদের। শেয়ার বাজারে নথিভুক্ত হওয়া এড়াতেই ঋণ শোধ করে দিয়েছিল টাটারা। তার পরও RBI জানিয়েছে, অন্তত পাঁচ বছর নজরদারিতে থাকতে হবে।
এই মুহূর্তে টাটা ট্রাস্টের কাছে টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। তারা বেসরকারি সংস্থা থাকার পক্ষে। যদিও শাপুরজি পালোনজি গোষ্ঠী RBI-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
টাটা সন্সে তাদের অংশীদারিত্ব ১৮.৩৭ শতাংশ। শেয়ারবাজারে নথিভুক্ত হলে নিজেদের শেয়ার বিক্রি করে ঋণ শোধ করতে পারবে তারা। এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি RBI. টাটা সন্সের তরফেও কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।