কলকাতা: ট্রেনের টিকিট কাটতে গিয়ে IRCTC-এর ওয়েবসাইটে একাধিক সমস্যার সম্মুখীন হওয়া বা তৎকাল টিকিট কাটতে গিয়ে টিকিট না পাওয়া, আজকের দিনে খুবই সাধারণ একটা বিষয়। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে IRCTC-র উপর ক্ষোভ প্রকাশ করে থাকি। যদিও IRCTC কিন্তু চুপচাপ এমন কিছু কাজ রোজ করে যাচ্ছে, যা এই ওয়েবসাইটকে অন্য যে কোনও ওয়েবসাইটের থেকে আলাদা করে।
আরও পড়ুন: পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
তথ্য বলছে IRCTC-র ওয়েবসাইট প্রতি মিনিটে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টিকিট বুক করতে পারে। আর তৎকাল টিকিট বুকিংয়ের সময় শুধুমাত্র অনলাইন অনুসন্ধানের সংখ্যা ছুঁয়ে ফেলে মিনিটে প্রায় ৪০ লক্ষ। এ ছাড়াও যে কোনও ব্যস্ত দিনে আইআরসিটিসি-র ওয়েবসাইটে ১ কোটি ৩৩ লক্ষ থেকে ১ কোটি ৭৪ লক্ষ লগইনও হয়ে থাকে। যদিও বেশ কিছু এমন সময়ও গিয়েছে যেখানে তৎকালের টিকিট বুকিংয়ের সময় একসঙ্গে প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষ এই ওয়েবসাইটে লগইনের চেষ্টা করেছেন।
অন্যদিকে, আমেরিকান একটি সংস্থা, নাম টিকিটমাস্টার, তারা ২০২২ সালে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ (Eras Tour)-এর সময় বুকিং ওপেন করে যখন ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। সংস্থা জানিয়েছিল সেই দিনে তাদের ওয়েবসাইটে প্রায় ৩৫০ কোটি ক্লিক হয়েছিল। এ ছাড়াও তারা বলেছিল, একসঙ্গে অনেক ব্যবহারকারী টিকিট কেনার চেষ্টা করে। ফলে এমন একটা অবস্থা তৈরি হয় যেখানে একটি সিট হয়তো একাধিক ব্যক্তির কাছে চলে যেতে পারত। আর এই সব কারণেই তাদের ওয়েবসাইট ক্র্যাশ করে।
আরও পড়ুন: ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ, জনঔষধি কীভাবে বদলে দিচ্ছে দেশের স্বাস্থ্য পরিষেবা?
আর এখানেই সার্থকতা IRCTC-র ওয়েবসাইটের। এই টিকিট বুকিংয়ের কাজ IRCTC দিনের পর দিন করে যাচ্ছে। এই ধরনের কোনও রকম সমস্যা ছাড়াই। আইআরসিটিসি-র ক্ষেত্রে শুধুমাত্র সাধারণ ব্যবহারকারী নয়, একাধিক থার্ড পার্টি অ্যাপও টিকিট বুকিং করে। সার্ভার কিছু সময় ধীরে ধীরে কাজ করলেও কখনও একই টিকিট দুই ব্যক্তির জন্য বরাদ্দ (Double Booking) হয়ে যায়নি। ফলে, একসঙ্গে, নিখুঁত ভাবে লক্ষ লক্ষ টিকিট বিক্রির প্রসঙ্গ যখন আসে, তখন IRCTC-কে নিয়ে প্রশ্ন তোলা কি সত্যিই যায়?