নয়াদিল্লি: মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত রাখার কথা স্বীকার করে নিয়েছে আমেরিকা। সেই নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া চিনের। মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করল তারা। বিষয়টি নিয়ে সাড়া পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। আমেরিকাকে সংযত হওয়ার বার্তা দিয়েছে রাশিয়াও। (US Space Weapons)
পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুত রাখা আছে বলে একদিন আগেই স্বীকার করে আমেরিকার স্পেস ফোর্স। শত্রুপক্ষের মোকাবিলা করতেই মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছে বলে জানানো হয়। তবে কী ধরনের অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে, তা খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। তবে বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (US-China Conflict)
MFA Spokesperson’s response to U.S. deployment of weapons in space:
China stands for peaceful use of the outer space and keeping it safe, and opposes any arms race in outer space or any attempt to weaponize it and turn it into a warzone. We urge the U.S. to stop its military… pic.twitter.com/KPAhSW4khH
— CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) September 15, 2026
আর সেই নিয়েই আমেরিকাকে কড়া বার্তা দিল চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিকুন সাংবাদিক বৈঠকে বলেন, “আমেরিকাকে অনুরোধ, মহাকাশে যুদ্ধের প্রস্তুতি এবং সামরিক শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া বন্ধ হোক। মহাকাশের সশস্ত্রকরণ, মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা এবং সেখানে সামরিক প্রতিযোগিতা অবশ্যই বন্ধ হওয়া দরকার। চিন মহাকাশে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে চায়। কোনও ভাবে মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত কপা যাবে না।”
মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত করা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “মহাকাশকে অস্ত্রশস্ত্রমুক্ত রাখা হোক। মহাকাশের সামরিকীকরণ রুখতে, মহাকাশকে এসব থেকে মুক্ত রাখতে আন্তর্জাতিক ঐক্য তৈরির চেষ্টা চালাচ্ছি আমরা।”
আরও পড়ুন: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
মহাকাশে ঠিক কী ধরনের অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে, তার খুঁটিনাটি প্রকাশ করেনি আমেরিকা। তবে US Space Force-এর হয়ে কথা বলতে গিয়ে একদিন আগে মহাকাশে অস্ত্রশস্ত্র মজুতের বিষয়টি খোলসা করেন আমেরিকার বায়ুসেনার সচিব ট্রয় মিঙ্ক। তিনি জানান, শত্রুপক্ষের মোকাবিলায়, আক্রমণ চালানো হোক বা শত্রুপক্ষের হাত থেকে আত্মরক্ষা, সবরকমের ব্যবস্থা করা রয়েছে মহাকাশে।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। সেই নিয়ে বিতর্কে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি আমেরিকার সরকার। কোনও সাফাই দেননি ট্রয়ও। ওই সমস্ত অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে কি না, তাও জানা যায়নি।