কলকাতা: প্রত্যেক বছরই তাঁদের বাড়িতে মহা সমারোহে গণেশ চতুর্থী পালিত হয়। গত বছর এই দিনটাতেই একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। গোটা পরিবার মিলে, একসঙ্গে গণপতি আরাধনা করেছিলেন.. স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছিলেন। তবে এবারের গণেশ চতুর্থীতে দেখা গেল না সেই চেনা ছবি। একসঙ্গে দেখা গেল না গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী, সুনীতা আহুজা (Sunita Ahuja)-কে। প্রত্যেক বছরের মতো, এই বছরেও গণেশ বন্দনার আয়োজন করা হয়েছিল, গোবিন্দ এবং সুনীতার বাড়িতে। তবে সুনীতা এই বছর পুজোর অগ্রভাগে থাকলেও, অধিকাংশ সময়টাই থাকলেন না গোবিন্দ।
পুজোর দিন বাড়ির পুজোয় কেন উপস্থিত ছিলেন না গোবিন্দ, এ নিয়ে সবাই প্রশ্ন করেন সুনীতাকে। গণপতি পুজোর দিন বিকেলে সংবাদসংস্থা ANI-এর সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আসলে গোবিন্দ শহরে নেই। সেই কারণেই তিনি পুজোয় উপস্থিত থাকতে পারেননি। একটি কাজে তিনি আমেরিকা গিয়েছেন। সোমবার রাতে তাঁর ফেরার কথা মুম্বইতে। মায়ানগরীতে গণেশ পুজো বেশ কয়েকদিন ধরে চলে। এর ফলে, গোবিন্দ পুজোর বাকি দিনগুলো থাকবেন বলেই জানিয়েছিলেন সুনীতা। এবারে ছক ভেঙে, নিজেই এবার ‘বাপ্পা’-কে ঘরে নিয়ে এসেন সুনীতা।
রীতি ভেঙে এবার নিজেই ‘বাপ্পা’-কে বাড়িতে নিয়ে এলেন সুনীতা
এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুনীতা জানিয়েছেন, প্রত্যেক বছর গোবিন্দ বা তাঁদের ছেলে যশোবর্ধনই গণেশ মূর্তিকে ঘরে নিয়ে আসেন। তবে এই বছরটা একেবারে আলাদা, এই বছর তিনি নিজে অনেক কাজ করেছেন। পরিচিতি পেয়েছেন, ভালবাসাও। এই পূজো শুরু করেছিলেন গোবিন্দের মা অর্থাৎ সুনীতার শাশুড়ি-মা। সেই কারণেই সুনীতা চান না যে, এই পুজো কখনও বন্ধ হোক। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে, তিনি যতদিন বেঁচে থাকবেন, প্রত্যেক বছর এই পুজো তিনি চালু রাখবেন। পাশাপাশি, এই বছর গণপতি বাপ্পার থেকে তিনি তাঁর সন্তানদের জন্য সাফল্য আর সমৃদ্ধি কামনা করেছেন।
তবে গণেশপুজোর দিন না থাকতে পারলেও, গণেশ পুজোর পরেরদিন বাড়ি ফেরেন গোবিন্দ, ছেলে ও মেয়ের সঙ্গে গণপতি দর্শনও করেন। তবে স্ত্রী সুনীতার সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি তাঁকে। সুনীতা অবশ্য বলেছিলেন, দেরি করে হলেও, গোবিন্দকে বাড়ি ফিরতেই হবে। কারণ এটা তাঁর বাড়ির পুজো। ফলে তাঁকে বাড়ি ফিরতেই হবে। সেই মতো, পুজোর শেষ লগ্নে হলেও, বাড়ি ফিরলেন গোবিন্দ।
আরও পড়ুন: Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা