Last Updated:
বাংলা ছবির অন্যতম জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই দায়িত্ব ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে টলিপাড়ায়। এতদিন যে মানুষটি পর্দায় নানা চরিত্রের গল্প বলতেন, এবার সেই সিনেমা জগতেরই সার্টিফিকেশন প্রক্রিয়ার অংশ হলেন তিনি।
কলকাতা: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ তিনি। অভিনয়ের দীর্ঘ কেরিয়ারে একের পর এক ছবি দর্শকের মন জয় করেছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাঁর মুকুটে যোগ হল আরও এক নতুন পালক। Central Board of Film Certification (CBFC)-এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সকলের প্রিয় বুম্বাদা।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে CBFC-কে নতুন করে গঠন করা হয়েছে। নতুন বোর্ডে রয়েছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ। নতুন বোর্ডে মোট ১৮ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপা গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী-সহ আরও কয়েকজন পরিচিত নাম।
যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার আগে CBFC বা সেন্সর বোর্ড সেই ছবির সার্টিফিকেশন দেয়৷ ভারতের সিনেমা প্রদর্শনের আগে সার্টিফিকেশন দেওয়ার দায়িত্বে থাকে এই সাংবিধানিক সংস্থার উপর। সিনেমা জনসমক্ষে প্রদর্শনের আগে CBFC-র সার্টিফিকেট প্রয়োজন হয়, এবং বোর্ডের সদস্যরা সেই ছবিটির সিন টু সিন বিচার করে। বোর্ডে চেয়ারম্যানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের মানুষকে সদস্য হিসেবে রাখা হয়। তাঁদের মতামতের উপর নির্ভর করে ছবিটির মুক্তির ভবিষ্যৎ৷ সাধারণ ভাষাতে ছবিতে কাঁচি চালানোর দায়িত্বে থাকেন এই বোর্ডের সদস্যেরা৷

সেন্সর বোর্ডে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য এই দায়িত্ব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ, কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা ছবির পরিবর্তন, দর্শকের রুচির বদল এবং ইন্ডাস্ট্রির নানা পর্যায়ের সাক্ষী তিনি নিজে। অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে কাজ করার পাশাপাশি এবার চলচ্চিত্র সার্টিফিকেশন সংক্রান্ত বোর্ডের অংশ হিসেবেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।
বিশেষ তাৎপর্যপূর্ণ সময়ে CBFC-র এই নতুন অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘ প্রায় ছয় বছর পর গত ২৯ অগস্ট CBFC-র বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিনেমার সার্টিফিকেশন প্রক্রিয়া, Revising Committee-র ভূমিকা এবং ২০২৪ সালের নতুন সার্টিফিকেশন নিয়ম কার্যকর করার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ২০২৬ সালের মে মাসে শশী শেখর ভেমপতিকে CBFC-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। তাঁর মেয়াদ তিন বছর।
