কলকাতা: আদ্যপান্ত প্রেমের গল্প, কিন্তু কোনও এক ম্যাজিকে যেন সব্বার মন ছুঁয়ে গিয়েছিল, এই ওয়েব সিরিজ। অনেকেরই মনে হয়েছিল, এই গল্প তো তাঁরই জীবনের, ভীষণ নিজের। প্রেম আর কেরিয়ার, যুগের পর যুগ ধরে মানুষকে একটা দাঁড়িপাল্লার সামনে দাঁড় করিয়ে দিয়েছে জীবনের এই ২ অঙ্গ। কেউ বেছে নিয়েছেন কেরিয়ার, আবার কেউ প্রেম, সম্পর্ক। কেউ আবার সুতোর ওপর দাঁড়িয়ে বজায় করে চলেছেন এই ২টোই। অদ্ভুত এক টানাপোড়েনকেই ফুটিয়ে তুলেছে, ‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজটি। বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) অভিনীত এই সিরিজটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে এবং তারপর থেকেই চর্চায় এই সিরিজ। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজ, ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। এবার কি সেই গল্পই রূপ পাবে বাস্তবে?
‘মুসাফির ক্যাফে’- এবার বাস্তবে, সিরিজ থেকে পাহাড়ের কোলে বিক্রান্তের ক্যাফে
‘মুসাফির ক্যাফে’-তে দেখানো হয়েছে, চন্দর বলে একটি ছেলের গল্প, যে নিয়মমাফিক চাকরি করে। কিন্তু মনের মধ্যে সে লালন করে, বড় আদরের একটা স্বপ্ন। পাহাড়ের কোলে একটি ছোট্ট ক্যাফে খোলার। যেখানে এসে, প্রকৃতির মধ্যে একটু জিরোতে পারবে মানুষ। গল্পের গতি ধরে, সেই ‘মুসাফির ক্যাফে’ খুলেও ফেলে চন্দর। আর সেই ক্যাফের শুরু আর শেষে, কোথাও না কোথাও জড়িয়ে থাকে, ২ নারীর জীবন। চন্দরের প্রাক্তন আর বর্তমান প্রেমিকা। প্রাক্তন প্রেমিকার কথামতো, ক্যাফের নাম রেখেছে চন্দর, কিন্তু তার বর্তমান প্রেমিকা না থাকলে… হয়তো প্রাণপ্রতিষ্ঠাই হত না সেই ক্যাফের। গল্পে দেখানো হয়, মুসাফির ক্যাফের সঙ্গে সঙ্গে একটি হোম-স্টে ও খোলার পরিকল্পনা করে চন্দর এবং তার প্রেমিকা। এই সিরিজের পরবর্তী পর্যায়ে গল্প কোন দিকে মোড় নেয়, ক্যাফেকে ঘিরে আর কী কী স্বপ্নপূরণ হয় নায়ক-নায়িকার, সেই গল্পই তুলে ধরা হবে, আগামী এপিসোডে।
আর এবার, গল্পের সেই ‘মুসাফির ক্যাফে’-ই রূপ পাবে বাস্তবে! বর্তমানে ‘ক্যাফে কালচার’ গোটা দেশে ভীষণ জনপ্রিয়। আর নিজের অভিনীত সিরিজের থিমেই এবার নতুন ২টি ক্যাফে খুলছেন, পর্দার চন্দর। অর্থাৎ বিক্রান্ত ম্যাসি। গল্পে ছিল, পাহাড়ের কোলে রয়েছে এই ‘মুসাফির ক্যাফে’। সেইমতোই উত্তরাখণ্ড এবং হিমাচলে ২টি ক্যাফে খোলার পরিকল্পনা করেছেন বিক্রান্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ক্যাফের কাজ। তবে জানা যাচ্ছে, শুধু ক্যাফে নয়, সিনেমার গল্পের মতোই এই ক্যাফের সঙ্গে থাকবে ২০টি ঘরের একটি হোম-স্টে। বিভিন্ন শিল্পিরা সেখানে থেকে থাকতে পারবেন এবং নিজেদের মতো করে কাজ করতে পারবেন। সিরিজে মুসাফির ক্যাফেকে ঠিক যেভাবে সাজিয়ে তোলা হয়েছিল, পাহাড়ের কোলে বাস্তবের মুসাফির ক্যাফেকেও ঠিক সেভাবেই সাজিয়ে তুলতে চান বিক্রান্ত।
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল