কলকাতা: তিনি যেমন একদিকে বাংলার প্রথম সারির তারকা, তাঁর জন্য পাগল হাজার হাজার অনুরাগী, তেমন আবার অন্যদিকে, রয়েছে তাঁর রাজনৈতিক পরিচয় ও। সেখানেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আবার অন্যদিকে, তিনি একেবারে ঘরের ছেলে। উৎসব অনুষ্ঠান থেকে ছুটি কাটাতে যাওয়া.. পরিবারের সঙ্গে সময় কাটাতেও যথেষ্ট ভালবাসেন তিনি। আর বিশ্বকর্মা পুজোর দিনই, বাবা-মায়ের জন্য নতুন গাড়ি কিনে দিলেন, অভিনেতা, প্রযোজক এবং পরিচালক, দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন দেব।
বিশ্বকর্মা পুজোয় বাবা-মায়ের জন্য বিশেষ উপহার দেবের
পুজোর সময় মুক্তি পাওয়ার কথা, দেবের নতুন সিনেমা, ‘দেশু7’ (DeSu7)। এই ছবির হাত ধরে, দীর্ঘদিন পরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সঙ্গে ফের জুটি বাঁধছেন, দেব। এই ছবিকে ঘিরে পুজোয় যে উন্মাদনা রয়েছে, সেটা বলাই বাহুল্য। এই ছবির প্রচারও বেশ অভিনবভাবে করছেন দেব। অন্যদিকে, এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা, দেবের আরেক নতুন সিনেমা, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। প্রত্যেক বছরের মতো, এই বছরেও দেব তাঁর অফিসে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছিলেন। সেখানে বিশ্বকর্মা ঠাকুরের হাতে, প্রত্যেক বছরই আগামী ছবির পোস্টার ঝুলিয়ে দেন দেব। এবারেও তাঁর অফিসের বিশ্বকর্মা পুজোয় তিনি রাখলেন, তাঁর আগামী ২ ছবির পোস্টার। পাশাপাশি এদিন, বাবা আর মায়ের জন্য বিশেষ উপহারের আয়োজন করলেন দেব। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে দেব লিখেছেন, ‘এমনি’.. তাঁর জনপ্রিয় ক্যাপশন।
দেবের বাড়িতে গণেশ পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বরা
সদ্যই বাড়িতে মহা সমারোহে গণেশ পুজোর আয়োজন করেছিলেন দেব। সেখানে হাজির হয়েছিলেন টলিউডের একাধিক কলাকুশলীরা। অভিনেতা – সাংসদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের আরও এক হেভিওয়েট বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘাটালের সাংসদের আমন্ত্রণেই তাঁর বাড়ি গিয়েছিলেন বালুরঘাটের সাংসদ। দু’জনকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। এ ছাড়াও দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। এরপরে সন্ধেবেলা দেবের বাড়িতে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় দেব সমস্ত ছবি শেয়ার করে নিয়ে, মুখ্যমন্ত্রীকে তাঁর আমন্ত্রণ রক্ষা করার জন্য, ধন্যবাদও জানিয়েছিলেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।