কলকাতা: প্রতিদিনের রান্নার জন্য গৃহস্থের হেঁশেলে এলপিজি গ্যাস সিলিন্ডার অপরিহার্য। তবে রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য এবার এক বড়সড় দুঃসংবাদ হাজির হলো। আপনি কি এখনও পর্যন্ত আপনার গ্যাস সংযোগের সঙ্গে আধার ই-কেওয়াইসি (LPG e-KYC) করাননি? তাহলে চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার যাচাই না করালে আর বুকিং করা যাবে না এলপিজি গ্যাস সিলিন্ডার।
সূত্রের খবর, ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে দেশের শীর্ষস্থানীয় তেল বিপণনকারী সংস্থা—ইন্ডেন (Indane), এইচপি (HP Gas) এবং ভারত গ্যাসকে (Bharat Gas) কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, যেসব গ্রাহক এখনও বায়োমেট্রিক অথেন্টিকেশন সম্পন্ন করেননি, তাঁদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে দিতে হবে।
ইতিমধ্যেই ই-কেওয়াইসি না করানোর কারণে বহু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলিন্ডারের ভর্তুকি আসা বন্ধ হয়ে গিয়েছে। এবার সরাসরি রিফিল বুকিংই আটকে দেওয়ার কড়া সিদ্ধান্ত নেওয়া হলো। শুধু তাই নয়, নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে আধার যাচাই না থাকলে গ্রাহককে সিলিন্ডার কিনতে হবে প্রায় দ্বিগুণ বা বাণিজ্যিক দরে। বর্তমানে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম যেখানে ৯৬৮ টাকা, সেখানে ই-কেওয়াইসি ছাড়া সিলিন্ডার পেতে গ্রাহকদের প্রায় ২০০০ টাকা পর্যন্ত গুণতে হতে পারে।
তেল সংস্থাগুলির হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের প্রায় ২০ শতাংশ গ্রাহক তাঁদের এলপিজি ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেননি। এই পরিস্থিতিতে যেকোনো দিন রান্নার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর হলো, গ্রাহক সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে একবার বায়োমেট্রিক আধার যাচাই করে নিলেই তৎক্ষণাৎ সিলিন্ডার বুকিং ব্যবস্থা পুনরায় চালু হয়ে যাবে এবং বকেয়া ভর্তুকির সুবিধাও স্বাভাবিক হবে। তাই অযথা সমস্যা এড়াতে অবিলম্বে আপনার গ্যাস সংযোগের ই-কেওয়াইসি করিয়ে নিন।