Last Updated:
Bangladesh : মায়ের আই ফোন হাতে নিয়ে ছবি তোলার জন্য শিশুটি বেরিয়েছিল বাড়ি থেকে। আর সে ফেরেনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয় একটি জঙ্গল থেকে।
ঢাকা : আই ফোনের লোভে শিশুহত্যা! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে জঙ্গল থেকে উদ্ধার সেই শিশুর দেহ।
বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩)। এর পরই সেই ফোনের লোভে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইশায়াত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটের দিকে মায়ের একটি আইফোন নিয়ে বাড়ি থেকে বেরোয় ইশায়াত। এরপর আর সে ফেরেনি। বিকেল থেকে তাকে খুঁজে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল পরিবারের লোকজন। শনিবার দুপুরে জঙ্গল থেকে তার দেহ উদ্ধারের খবর পায় তারা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন ছিনিয়ে নিতেই তাকে খুন করা হয়েছে। ইশায়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ও কোটবাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মামলাটি করেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে অপ্রতীমের দেহ আনা হয় বাড়িতে। গোটা পরিবারের উপর শোকের পাহাড় ভেঙে পড়েছে যেন! পুলিশ দাবি করছে, এই ঘটনার তদন্তে তারা অনেকটাই এগিয়েছে।
