কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে সৃজলা গুহ (Srijla Guha)-র চোট পাওয়ার ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছেন, অভিনেত্রী নন্দিনী দত্ত (Nandini Dutta)। সাধারণ মানুষ থেকে শুরু করে, টলিউডে তাঁর কিছু সহ অভিনেতা-অভিনেত্রীও গোটা বিষয়টির প্রতিবাদ করেছেন। সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এই দাবিতে যে, নন্দিনীকে এই মুহূর্তে বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হোক। আর এর মধ্যেই নন্দিনীর টিমের তরফ থেকে একটি বিশেষ বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, নন্দিনী যে ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। নন্দিনী একেবারেই ইচ্ছাকৃতভাবে সৃজলাকে আঘাত করতে চাননি।
কী ঘটেছিল বিগ বসের ঘরে? কীভাবে আহত হলেন সৃজলা গুহ?
এই সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কটি ছিল, প্রত্যেক প্রতিযোগীকে একটি কাঠের ঘোড়ার ওপর বসে থাকতে হবে। অন্যান্য প্রতিযোগীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন এবং কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন না। যে যাঁকে সমর্থন করবেন, সে তাঁর পছন্দের প্রতিযোগীকে রক্ষা করবেন এবং যে যাঁকে সমর্থন করেন না, সে তাঁর অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করবেন। আর এই টাস্কের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। নন্দিনী প্রথমে উল্টে দেন রাজবীরের ঘোড়া। এরপরে তিনি সৃজলার সামনে গিয়ে কথা বলতে বলতে, সৃজলার ঘোড়াও উল্টে দেন। যদিও বিগ বসের তরফ থেকে কড়া নির্দেশ ছিল যে, কোনও প্রতিযোগীকে ঘোড়া থেকে ঠেলে, টেনে হিঁচড়ে নামানো যাবে না। কিন্তু নন্দিনী ঘোড়া ধরে উল্টে দেওয়ার কারণে পড়ে যান রাজবীর। এরপরে নন্দিনী সৃজলার ঘোড়াও উল্টে দেন, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময়ে, চোট পান সৃজলা। ঘোড়া থেকে পড়ে গিয়ে, ব্যথায় চিৎকার করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বাকি প্রতিযোগীরা আইসপ্যাক নিয়ে আসেন, কিন্তু এসে স্বস্তি পাননি সৃজলা। ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন তিনি। এরপরে বিগ বসের নির্দেশে তাঁকে সঙ্গে সঙ্গে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়। ব্যথায় নড়াচড়াও করতে পারছিলেন না সৃজলা। চিকিৎসক এসে তাঁর চিকিৎসা শুরু করেন।
কী বার্তা দেওয়া হল নন্দিনীর টিমের তরফে?
এই ঘটনার পরে, নন্দিনীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এর পরে, নন্দিনীর টিমের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘যা ঘটেছে, তার জন্য আমরা সবাই ভীষণভাবে দুঃখিত। গতকালের টাস্কের সময়ে যা ঘটেছে, সেই বিষয়ে আমরা কয়েকটা কথা স্পষ্ট করে দিতে চাই। যা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। নন্দিনী ইচ্ছাকৃতভাবে সৃজলাকে আঘাত করতে যাননি। টাস্কের মধ্যে ঘটে যাওয়া ওটা একটা অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। নন্দিনী নিজেও ভাবতে পারেননি, ঘটনাটা এতটা গুরুতর হয়ে উঠবে এবং গোটা পরিস্থিতি বদলে দেবে। নন্দিনী নিজেও এই ঘটনার জন্য ভীষণ দুঃখিত। আমরা বিগ বসের টিমের থেকে জানতে পেরেছি, সৃজলা এখন ভাল আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং ভুল করে আঘাত করা এক জিনিস নয়। খেলার মধ্যে কেউ আহত হতেই পারেন। কিন্তু সেই কারণে একজন মানুষের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় একেবারেই। নন্দিনীকে আপনারাও চেনেন, উনি ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করতে পারেন না। দয়া করে এই বিষয়টা নিয়ে নেতিবাচক প্রচার করবেন না। একটু মানবিকতা দিয়ে গোটা বিষয়টা দেখুন। এই একটা ঘটনা দিয়ে নন্দিনীর ব্যক্তিত্বকে বিচার করবেন না। আপনারা যেভাবে এতদিন নন্দিনীর পাশে ছিলেন, সেভাবেই থাকুন।’
আরও পড়ুন: Srijla Guha: টাস্ক করতে গিয়ে চোট, সৃজলাকে থাকতে হচ্ছে চিকিৎসকদের নজরদারিতে! এখন কেমন আছেন তিনি?