Last Updated:
Bigg Boss Bangla: বিগ বসের প্রতিযোগী নন্দিনী দত্তের সঙ্গে সৃজলার তিক্ত সম্পর্কের কথা দর্শকরা জানেন৷ রাজবীরকে ঘিরে দুই অভিনেত্রীর মধ্যে রয়েছে মনোমালিন্য৷ এবং নন্দিনী যে সৃজলাকে অপছন্দ করেন, সেটা স্পষ্ট৷ এবার ঘটে গেল বিরাটকাণ্ড৷
কলকাতা: ‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেনসির টাস্ক ঘিরে উত্তেজনা চরমে। আর সেই টাস্কেই নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে পড়ে আহত হয়েছেন সৃজলা গুহ। এমনভাবে পড়ে যান যে অসম্ভব জোরে চোট পান৷ যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে রাজবীর তাঁকে কোলে করে তুলে নিয়ে যান এবং তারপর সৃজলাকে মেন ঘরের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে৷
এই ঘটনার পর থেকেই সকলে নন্দিনীকে নিয়ে নিন্দা শুরু করেছেন৷ বিগ বসের প্রতিযোগীরা তো বটেই, দর্শকরাও নন্দিনীকে কটাক্ষ করছেন৷ তাঁকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ঝিলম, তনুশ্রী, সোহিনী সরাসরি নন্দিনীর এই আচরণ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন। কেউ বলেছেন যে নন্দিনীর সঙ্গে যে মিশছে, তাঁর থেকে তিনি দূরত্ব বজায় রাখবেন৷ সোনামণি বলছেন যে যার মতো নোংরামো করে চলেছেন৷ সোহিনী বলছেন যে নন্দিনী নিজের জায়গা পাওয়ার জন্য যাঁকে ইচ্ছে বেচতে পারেন! ফলে এটা স্পষ্ট যে বিগ বসের ঘরে একেবারে কোণঠাসা নন্দিনী দত্ত৷
টাস্কে, কাঠের ঘোড়ায় বসে থাকার লড়াই চলছিল। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে আঘাত না করে ঘোড়া থেকে নামানোর কথা ছিল। নন্দিনী সৃজলাকে নামানোর চেষ্টা করলে প্রথমবার দুর্নিবার তাঁকে সামলে দেন। কিন্তু দ্বিতীয়বার সৃজলা নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান। প্রচণ্ড আঘাত পান তিনি৷ তাঁকে দেখে সকলে আঁতকে ওঠেন৷
তবে ঘটনার পর নিজেও ভেঙে পড়েন নন্দিনী। কাঁদতে কাঁদতে তিনি জানান, সৃজলাকে আঘাত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। তিনি এটাও জানান যে এই ঘটনার পর, বিগ বস যদি তাঁকে বেরও করে দেয় এবং তাতে সৃজলা সুস্থ হয়ে ফিরে আসেন, তাতে তিনি রাজি৷ তাঁর টিমের তরফেও পরে জানানো হয়েছে, ঘটনাটি অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক। তাঁদের বক্তব্য, খেলার মধ্যে ভুল হতে পারে, কিন্তু নন্দিনীর উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না।
নন্দিনীর এই বক্তব্যের পরেও অবশ্য বিতর্ক থামেনি। সৃজলার টিমের তরফে জানানো হয়েছে, তাঁরা এই ঘটনার জন্য কারও ক্ষমা গ্রহণ করছেন না। তাঁদের বক্তব্য, গেমপ্লের নামে কোনওভাবেই শারীরিক ক্ষতি গ্রহণযোগ্য নয় এবং এই মুহূর্তে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজলার সুস্থ হয়ে ওঠা। অন্যদিকে, সৃজলার শারীরিক পরিস্থিতি নিয়ে তাঁর টিম জানিয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে এখন নজর, সৃজলা কবে সুস্থ হয়ে আবার বিগ বসের ঘরে ফিরতে পারেন এবং এই ঘটনার পর নন্দিনীর বিরুদ্ধে বিগ বস কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করে কি না।
