Last Updated:
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ পাওয়া তথ্য অনুযায়ী, লন্ডন হিথরো থেকে দিল্লিগামী 6E4 বোয়িং 787-9 বিমানটি ফিরে আসার আগে প্রায় এক ঘণ্টা আকাশে ছিল।
নয়াদিল্লি: লন্ডন থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান বুধবার ভোরে উড়ান শুরুর কিছুক্ষণ পরেই বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার কারণে পুনরায় লন্ডন বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।
এরপর জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটিকে লন্ডন হিথরো বিমানবন্দরে অগ্রাধিকার দিয়ে অবতরণের অনুমতি দেওয়া হয়। সমস্ত যাত্রীরা এরপর নিরাপদে বিমান থেকে নেমে আসেন।
ফ্লাইট 6E 04, একটি বোয়িং 787-9 ড্রিমলাইনার, ভারতীয় সময় রাত ১২টা ৩৪ মিনিটে (মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিট) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড়েছিল এবং ভারতীয় সময় রাত ১টা ৫৩ মিনিটে (স্থানীয় সময় রাত ৯টা ২৩ মিনিট) বিমানবন্দরে ফিরে আসে।
লন্ডন থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, উড়ানের পর ককপিট ক্রু বিমানের ভিতরে ধোঁয়া শনাক্ত করেন এবং হিথ্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ক্রু এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি পরিস্থিতির কথা জানান।
ইন্ডিগো এই ঘটনার জন্য প্রযুক্তিগত সমস্যাকেই দায়ী করেছে। এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, “২২ সেপ্টেম্বর লন্ডন থেকে নয়াদিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E 04 উড়ান শুরুর কিছুক্ষণ পর একটি প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করা হয়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে পাইলটরা ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং লন্ডন হিথরো বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করান। বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর ফের পরিষেবা শুরু করবে।”
বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমানোর জন্য তারা সমস্ত ধরনের চেষ্টা করছে। এর মধ্যে যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা এবং পরবর্তী উপলব্ধ ফ্লাইটে তাঁদের যাত্রার ব্যবস্থাও করা রয়েছে, যাতে তাঁরা তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন।
ইন্ডিগো জানিয়েছে, “আমাদের গ্রাহক, ক্রু এবং বিমানের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
