কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘরে, ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন আহত অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন, তিনি যে ঘোড়াটিতে বসেছিলেন, সেটিকে উল্টে দেয় নন্দিনী। এর ফলে আচমকা পড়ে যান তিনি। আচমকা পড়ে যাওয়ায় চোট লাগে তাঁর। চিৎকার করে কাঁদতে থাকেন সৃজলা। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরে চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে তাঁর। আর এই ঘটনা টেলিকাস্ট হওয়ার পর থেকেই, অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন সৃজলার স্বাস্থ্য নিয়ে। যেহেতু যে এপিসোড টেলিকাস্ট হয়েছে সেখানে সৃজলার ঠিক কী হয়েছে তা বোঝা যাচ্ছে না, সেই কারণে অনেকে উদ্বিগ্ন। আর এবার, সৃজলার টিমের তরফ থেকে আপডেট দেওয়া হল, কেমন আছেন তিনি?
কেমন আছেন সৃজলা? জানাল তাঁর টিম
এদিন সৃজলার টিমের তরফ থেকে একটি বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আমাদের ভালবাসার মানুষ, সৃজলা কেমন আছেন তা নিয়ে অনেকে চিন্তা প্রকাশ করেছেন। অনেকেই জানতে চেয়েছেন, কেমন আছেন তিনি? শেষ পাওয়া খবর অনুযায়ী, সৃজলা আপাতত স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হচ্ছে তাঁকে। বিপদ কাটিয়ে উঠেছেন তিনি, তবে ভীষণভাবে যন্ত্রণার মধ্যে রয়েছেন। তবে কোনও অভ্যন্তরীণ চোট লাগেনি তাঁর। মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে এবং যা যা প্রয়োজন, যা যা চিকিৎসার প্রয়োজন সবই দেওয়া হচ্ছে তাঁকে। আপনাদের কাছে অনুরোধ, সৃজলার জন্য প্রার্থনা করুন এবং তাঁকে ভালবাসা এবং শুভেচ্ছা পাঠান। আশা করছি, সৃজলা খুব তাড়াতাড়ি আবার বিগ বসের হাউজে ফিরে আসবে। আপনাদের সবার ভালবাসা এবং চিন্তার জন্য অনেক অনেক ধন্যবাদ।’
বিগ বসের ঘরে, কী হয়েছিল সৃজলার সঙ্গে?
এবারের ক্যাপ্টেন্সি টাস্কটি ছিল, প্রত্যেক প্রতিযোগীকে একটি কাঠের ঘোড়ার ওপর বসে থাকতে হবে। অন্যান্য প্রতিযোগীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন এবং কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন না। যে যাঁকে সমর্থন করবেন, সে তাঁর পছন্দের প্রতিযোগীকে রক্ষা করবেন এবং যে যাঁকে সমর্থন করেন না, সে তাঁর অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করবেন। আর এই টাস্কের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। নন্দিনী প্রথমে উল্টে দেন রাজবীরের ঘোড়া। এরপরে তিনি সৃজলার সামনে গিয়ে কথা বলতে বলতে, সৃজলার ঘোড়াও উল্টে দেন। যদিও বিগ বসের তরফ থেকে কড়া নির্দেশ ছিল যে, কোনও প্রতিযোগীকে ঘোড়া থেকে ঠেলে, টেনে হিঁচড়ে নামানো যাবে না। কিন্তু নন্দিনী ঘোড়া ধরে উল্টে দেওয়ার কারণে পড়ে যান রাজবীর। এরপরে নন্দিনী সৃজলার ঘোড়াও উল্টে দেন, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময়ে, চোট পান সৃজলা। ঘোড়া থেকে পড়ে গিয়ে, ব্যথায় চিৎকার করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বাকি প্রতিযোগীরা আইসপ্যাক নিয়ে আসেন, কিন্তু এসে স্বস্তি পাননি সৃজলা। ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন তিনি। এরপরে বিগ বসের নির্দেশে তাঁকে সঙ্গে সঙ্গে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Srijla Guha: বিগ বসের ঘরে টাস্ক করতে গিয়ে গুরুতর আহত সৃজলা গুহ! চিৎকার করে কান্না, আসতে হল চিকিৎসককে