কলকাতা: ফুটবল থেকে অবসর নিয়েছেন,খেলোয়াড় প্রবীর দাস (Prabir Das)। মাত্র ৩৩ বছর বয়সে, ফুটবলের কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের সফর ফিরে দেখার জন্য, টুকরো টুকরো ভিডিও শেয়ার করে নিয়েছেন, প্রবীর দাস। একটা সময়ে শারীরিকভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর পাশে ছিলেন, গীতশ্রী রায় (Geetashree Roy)। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ভিডিওতে দেখা গিয়েছে, যখন হাসপাতালের বিছানায় শুয়ে প্রবীর, সেই সময়ে সবসময়েই তাঁর পাশে থেকেছেন গীতশ্রী।
কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন প্রবীর, পাশে ছিলেন গীতশ্রী
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে প্রবীর লিখেছেন, ‘ গত দুই আড়াই বছর, আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে গিয়েছি। বারবার আঘাত পাওয়া, শারীরিক কষ্ট আর মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু সেই কঠিন সময়ে একজন মানুষ সবসময় আমার পাশে ছিল। আমি যখন ভেঙে পড়েছি, তুমি আমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছ। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার সময়ে, তুমি আমাকে সাহস দিয়েছ। জীবনে একজন ভালো সঙ্গী যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা এই কয়েক বছরের অভিজ্ঞতায় আরও ভালোভাবে বুঝেছি। শুধু ভাল সময়ে নয়, খারাপ সময়েও যে হাতটা শক্ত করে ধরে রাখে, সেই মানুষটাই আসল সঙ্গী। সারা জীবন তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করি। ধন্যবাদ ঈশ্বর।’
প্রবীর দাসের অনুরাগীদের জন্য বার্তা
এরপরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও শেয়ার করে নিয়ে, প্রবীর দাস লিখেছেন, ‘ জীবনে অনেক কিছুই হবে, অনেক ওঠাপড়া আসবে। কিন্তু তোমরা মানসিকভাবে শক্ত থাকবে, চিন্তা করবে না। পরিস্থিতি যতই কঠিন হোক, তার সঙ্গে লড়াই করে আবার নতুন করে জীবনে ফিরে আসবে। আমি যখন চিকিৎসকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, ‘ডাক্তার, আমি ফুটবল খেলতে পারব তো? কবে ফিরব?’ তখন চিকিৎসক বলেছিলেন, ‘তুমি ফুটবল নিয়ে ভাবছো? আগে ভাবো, কীভাবে তোমার বাঁচাবে।’ সেখান থেকেও আমি মানসিকভাবে শক্ত থেকে ফিরে এসেছি। তোমরা কেন পারবে না? বাকিটা তো ভগবানের ওপর… তিনি সব লিখে রেখেছেন। কিন্তু তুমি যতক্ষণ এখানে আছো, লড়াইটা তোমাকেই করতে হবে। নিজের জন্য লড়াই কর, নিজের জন্য বাঁচো।’