Last Updated:
Bigg Boss Bangla: ‘বিগ বস’ নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের৷ প্রথম দিন থেকেই জমে উঠেছে ‘বিগ বস’-এর শো৷ বিগ বস মানেই কন্ট্রোভার্সি৷ এবার বিগ বসের ঘরে এবার মেগা এন্ট্রি৷
কলকাতা: ‘বিগ বস’ নিয়ে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে৷ টিআরপি-র শীর্ষে এই রিয়েলিটি শো৷ বিগ বসের ঘরে নানা কাণ্ড রোজই ঘটছে৷ সম্প্রতি ক্যাপ্টেন বাছাই পর্বে সৃজলার চোট পাওয়ার ঘটনায় নন্দিনীর উপর বেজায় চটেছে নেটপাড়া৷ তাকে শো থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে৷ পাশাপাশি রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্ক নিয়েও ক্রমশ জলঘোলা হচ্ছে৷ এবার’বিগ বস’ বাংলায় নয়া চমক৷ নয়া এন্ট্রি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷
তিনি টলি ইন্ডাস্ট্রির কেউ নন, টলিউডের বাইরে থেকেই আসতে চলেছেন এই প্রতিযোগী৷ কে এই সুন্দরী? জানা যাচ্ছে, ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা ঘোষই আসতে চলেছেন ‘বিগ বস’ বাংলার ঘরে৷ প্রতি সপ্তাহের শেষেই ‘দাদার দরবারে’ একাধিক চমক অপেক্ষা করে থাকে ভক্তদের জন্য৷ সেখানেই এবার থাকছে বড় চমক৷
শনিবার মানেই ‘দাদার দরবার’৷ এদিনই ধামাকাদার এন্ট্রি হতে চলেছে এই সুন্দরীর৷ ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া অনুষ্কা ফ্যাশন ও মডেলিংয়ের দুনিয়ারও ভীষণ পরিচিত জনপ্রিয় মুখ। স্পষ্টবাদী স্বভাবের জন্যও তিনি পরিচিত। কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা, তারপরেই গ্ল্যামার দুনিয়ায় নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেন অনুষ্কা। অনুষ্কার এন্ট্রির গুঞ্জন ছড়াতেই তাঁর অনুরাগীরাও তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অনুষ্কার এন্ট্রিতে কি খেলা ঘুরে যাবে ‘বিগ বস’-এর ঘরে, এ নিয়েও প্রশ্ন উঠছে৷
