কলকাতা: ‘বিগ বস’-এর অন্দরমহলে সম্পর্ক বদলাতে যে বেশি সময় লাগে না, তা আবারও প্রমাণ হল। সকালে যাঁদের মধ্যে গাঢ় বন্ধুত্ব দেখা যায়, সন্ধ্যার আগেই পরিস্থিতি বদলে গিয়ে তাঁরাই হয়ে ওঠেন পরস্পরের চরম বিরোধী। এবারও তার অন্যথা হল না। খাওয়া-দাওয়া এবং রান্নাবান্নাকে কেন্দ্র করে ‘বিগ বস বাংলা’র রান্নাঘরে লেগে গেল ধুন্ধুমার অশান্তি। মনামী ঘোষ, নন্দিনী, রাজবীর এবং তনুশ্রীর মধ্যে চলা এই কথাকাটাকাটি শেষ পর্যন্ত রূপ নিল চরম সংঘাতের।
রোবট টাস্কে রাতের রান্নাবান্না নিয়ে রাজবীরের সঙ্গে তীব্র কথা-কাটাকাটিতে জড়ান তনুশ্রী। পরিস্থিতি এতটাই তপ্ত হয়ে ওঠে যে, তনুশ্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি রাজবীর আর নন্দিনীর জন্য কোনও খাবার বানাবেন না। উপায় না দেখে রাজবীর নিজেই নিজেদের জন্য রান্না শুরু করেন।
ঝামেলার আসল পারদ চড়ে ঠিক তখনই, যখন রান্নাঘরে আসেন মনামী। তনুশ্রী তাঁকে সরাসরি প্রশ্ন করেন, তিনি কার হাতের খাবার খাবেন—তাঁর না রাজবীরের? তনুশ্রীর এই প্রশ্নে বিরক্তি প্রকাশ করে মনামী সাফ জানান, তাঁকে নিয়ে কারও ভাবতে হবে না। ঘরে যা থাকবে, তিনি সেটাই খাবেন এবং আলাদা করে কারও রান্না করা খাবার তিনি মুখে তুলবেন না।
এদিকে রাজবীর ও নন্দিনী নিজেদের পাশাপাশি ভালোবেসে মনামীর জন্যও রান্না করে রেখেছিলেন। কিন্তু মনামী স্পষ্ট জানিয়ে দেন, তিনি সেই খাবারে হাত দেবেন না। শুধু তা-ই নয়, নন্দিনী যাতে তাঁর সঙ্গে কথা না বলেন, সেই সতর্কবার্তাও দেন অভিনেত্রী। আর এতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে নন্দিনীর।
ক্ষোভে ফেটে পড়ে নন্দিনী অভিযোগ করেন, শোয়ের শুরু থেকেই তিনি মনামীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর হয়ে কথা বলতে গিয়ে গোটা বাড়ির মানুষের চোখে খলনায়ক হয়েছেন। এত কিছুর পরেও মনামীর এই অসংবেদনশীল ও শীতল আচরণ তিনি কোনওভাবেই মানতে পারছেন না।
নন্দিনী মেজাজ হারিয়ে চিৎকার করে জানতে চান, মনামীর কিসের এত অহংকার? পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ মনামী ব্যঙ্গ করে বলেন, “তোর ক্ষমা গ্রহণ করলাম।” তবে নন্দিনী থামার পাত্রী নন। মেজাজ ধরে রাখতে না পেরে তিনি সরাসরি মনামী এবং রাজবীর—উভয়কেই ‘অকৃতজ্ঞ’ ও ‘বেইমান’ বলে আক্রমণ করেন।
গোটা ঘটনায় মাঝখান থেকে পড়ে রীতিমতো হকচকিয়ে যান রাজবীর। ভালো করতে গিয়ে কেন তাঁকে ‘বেইমান’ তকমা পেতে হলো, তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না তিনি। রান্নাঘর থেকে শুরু হওয়া এই ব্যক্তিগত সংঘাত শোয়ের আগামী দিনগুলিতে কী নতুন মোড় নেয়, এখন সেটাই দেখার।
Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস