নয়াদিল্লি: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এসে এক জঙ্গি বিস্ফোরণ ঘটায় বলে জানা যাচ্ছে। উদ্ধারকার্য চলছে সেখানে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি সামনে এসেছে। (Pakistan Rocked by Blast)
শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের আমন মেলায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান, যারা পাকিস্তান তালিবান নামেও পরিচিত। পাকিস্তানের জরুরি পরিষেবা বিভাগ ১১২২ জানিয়েছে, উদ্ধারকার্য চলছে সেখানে। আহতদের অনেককে ফার্স্টএইড দেওয়া হয়। পরে হাসপাতালে পাঠানো হয় বিস্ফোরণস্থল থেকেই। (Pakistan Blast)
মাত্র এক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেবার কোহাটের একটি মসজিদে গিয়ে ধাক্কা মারে বিস্ফোরক ভর্তি গাড়ি। মসজিদের দেওয়াল উড়ে যায় হামলার অভিঘাতে। ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি। খাইবার পাখতুনখোয়া আফগানিস্তান সীমান্তে অবস্থিত। পর পর হামলার ঘটনায় নতুন করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা।
পাকিস্তান তালিবান এবং আফগান তালিবান পৃথক সংগঠন। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে আফগান তালিবান। দুই সংগঠনের মধ্যে যোগসূত্রও রয়েছে। সাম্প্রতিক সময়ে পাক সীমান্ত এলাকায় পাকিস্তান তালিবানের অতিসক্রিয়তা চোখে পড়ছে। এমনকি বালোচ লিবারেশন আর্মি এবং পাকস্তান তালিবান বালুচিস্তানেও বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে খবর।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
যে সময় এই হামলা হল, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দু’দিন আগেই দক্ষিণ-পশ্চিম সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। পাকিস্তান সরকার দাবি করে, গোপন অভিযানে ১৩ জন আফগান তালিবান জঙ্গিকে নিকেশ করেছে তারা। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের তালিবান সরকার জঙ্গিদের রক্ষা করছে। পাকিস্তানে অশান্তি সৃষ্টিতে মদতও জোগাচ্ছে তারা। আফগান তালিবান যদিও অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তিস্থাপনে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন, তুরস্ক, কাতার এবং সৌদি আরব। এদিন যে ডেরা ইসমাইল খানে হামলা হল, তা দক্ষিণ ওয়াজিরিস্তানে পড়ছে। একসময় সেটি পাক সেনার ঘাঁটি ছিল। একাধিক গোপন অভিযান হয়েছে সেখান থেকে।
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান থানার ফটকে ধাক্কা মারে। সেবার ২৩ জন পুলিশকর্মী প্রাণ হারান।
Mamata Banerjee | “সারা দেশে ১৩ কোটি মানুষ SIR-এ বাদ পড়েছে”, SIR-এ নাম বাদ নিয়ে আক্রমণ মমতার