মুম্বই: বিনা অনুমতিতে ছবি এবং ভিডিও ব্যবহারের অভিযোগ। সেই নিয়ে আইনি পদক্ষেপের পথে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। আমেরিকার AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে তিনি। ৭০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। সেই মতো ক্ষতিপূরণ দাবি করতে চলেছেন নায়িকা। (Urvashi Rautela)
উর্বশীর টিমই বিষয়টি খোলসা করেছে। তাদের দাবি, বিনা অনুমতিতে উর্বশীর ছবি এবং ভিডিও ব্যবহার করেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি AI সংস্থা। একবার অনুমতি নেওয়ার প্রয়োজনও অনুভব করেনি তারা। তাই আইনি পদক্ষেপের পথে হাঁটছে তারা। সবমিলিয়ে ৭০০০ টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে। (Urvashi Rautela AI Compensation)
বাণিজ্যিক স্বার্থে অভিনেত্রীর নাম, ছবি ব্যবহারের ক্ষেত্রে আগামী দিনেও আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উর্বশীর টিম। সংবাদ সংস্থা IANS-কে তারা বলে, “অনুমতি ছাড়াই উর্বশীর নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করেছে ওই সংস্থা। কোটি কোটি টাকা মুনাফা হয়েছে তাদের। তাই আইনি পদক্ষেপের পথে হাঁটছি আমরা। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০০০ কোটি টাকা। অবশ্যই নিজেদের AI সংস্থা তৈরি করুন। ব্র্যান্ড গড়ে তুলুন আপনারা। কিন্তু নিজেদের ব্য়বসায়িক স্বার্থে বিনা অনুমতিতে উর্বশীর নাম ও ছবি ব্যবহার করা যাবে না।” পরে সোশ্য়াল মিডিয়াতেও আলাদা করে বিবৃতি দেয় উর্বশীর টিম এবং নায়িকা নিজে।
AI-এর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন। ইলন মাস্ক থেকে বিল গেটস, তাবড় ধনকুবেরও আশঙ্কা প্রকাশ করেছেন। সেই আবহে সরাসরি আইনি পদক্ষেপের পথে উর্বশী। তবে AI সংস্থার কাছ থেকে ৭০০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কোনও বলিউড তারকার তরফে এমন আইনি পদক্ষেপও বেনজির।
আরও পড়ুন: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
সম্প্রতি বলিউড তারকা সলমন খানও AI নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-র মঞ্চে সলমন জানান, AI-এর বাড়বাড়ন্তে বেআইনি ভাবে তাঁদের ছবি, পরিচয় ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “কেউ একজন AI ভিডিও বানিয়েছে অথবা AI ভয়েস ডাবিং করেছে। একেবারে অন্যায়। AI-এর অনেক উন্নতি হয়েছে। এত উন্নতি হয়েছে যে ভয় হচ্ছে। গুরুতর বিষয়। কিছু বলার পর AI দিয়ে এডিট করে দেওয়া হল। গালি দিয়ে দেওয়া হল কাউকে। অনেকের AI ভিডিও বানানো হচ্ছে। আমিও আছি AI ভিডিও-তে।” আগামী দিনে বলিউডের অন্য় তারকারাও আইনি পদক্ষেপের দিকে এগোন কি না দেখার।