নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পরে দিনকয়েক আগেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নিজেদের কোচ বেছে নিয়েছে। কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানকে সিএসকের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁর কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন আরেক প্রাক্তনী। সিএসকের বোলিং কোচের নাম জানিয়ে দিলেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)।
প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার মোহিত শর্মাকে (Mohit Sharma) সিএসকের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হবে। TOI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিইও কাশী বিশ্বনাথন জানান, ‘মোহিত সিএসকেতে নতুন বোলিং কোচ হিসাবে যোগ দেবেন। জাহির খানই বোলিং কোচ হিসাবে ওঁর প্রস্তাব দিয়েছেন। আমাদের খেলোয়াড় হিসাবেও মোহিত দারুণ পারফর্ম করেছিল এবং আমি আশাবাদী যে বোলিং কোচ হিসাবেও ওঁ ভালই করবেন।’ কাশী বিশ্বনাথন আরও জানিয়ে দেন যে দলের বাকি কোচিং স্টাফও জাহির খানের পরামর্শমতোই বাছাই করা হবে।
আরও পড়ুন:- ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
সিএসকের হয়ে দুই দফায় মোট চার বছর খেলেছিলেন মোহিত শর্মা। ৩৮ বছর বয়সি ফাস্ট বোলার ১২০টি আইপিএল ম্যাচ খেলে ১৩৪টি উইকেট নিয়েছেন। দীর্ঘদিন আইপিএল থেকে দূরে থাকার পর হঠাৎ করেই খানিক ভাগ্যের জোরেই গুজরাত টাইটান্সে সুযোগ পান মোহিত। সেখানে কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসেও তিনি নজরকাড়া পারফর্ম করেন। দুই মরশুমে মোট ৪১টি উইকেট নেন।
ভারতীয় প্রাক্তনী পাঞ্জাব কিংসের হয়েও মেগা টুর্নামেন্ট মাতিয়েছেন। শেষে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাঁকে আইপিএলে দেখা গিয়েছিল। তবে গত বছরের ডিসেম্বরেই পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মোহিত শর্মা। এবার বছর ঘুরতে না ঘুরতেই আইপিএলে বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি।
সব মিলিয়ে দীর্ঘ ফ্লেমিং-জমানার পরে নতুন যুগের সূচনা হচ্ছে সিএসকেতে। সেই যুগে দলকে সাফল্য এনে দেওয়ার দায়িত্ব পাওয়ার পর জাহির খান কিন্তু বেশ উৎসাহিত। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলের দায়িত্ব নিতে পারাটা সম্মানের। ক্রিকেটার হিসাবে আমি সিএসকে-র বিরুদ্ধে খেলেছি। সেই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি। চিপকে সমর্থকেরা যে আবহ তৈরি করে, তা আরও স্পেশ্যাল অনুভূতি এনে দেয়। এরকম দলে যোগ দেওয়ার তর সইছে না।’ এবার দেখার জাহির, মোহিতরা দুই হতাশাজনক মরশুমের পরে সিএসকেকে সাফল্য এনে দিতে পারেন কি না।