Last Updated:
Flydubai Incident: মাঝ আকাশে ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে মন্তব্য UAE-র। ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁকে ‘সত্যিকারের হিরো’ বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে মাঝ আকাশে ঘটে যাওয়া হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে অভিহিত করল সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। ঘটনার তদন্ত এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখার মধ্যেই UAE প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন। তাঁর কথায়, সংকটের মুহূর্তে স্মিত যে সাহস ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তার জন্য তিনি প্রশংসার যোগ্য।
গারগাশ বলেন, গুরুতর সন্ত্রাসবাদী হামলা এবং সম্ভাব্য বড় বিপর্যয়ের মুখোমুখি হয়ে স্মিত ‘সাহস ও দায়িত্ববোধের’ পরিচয় দিয়েছেন। তাঁর পেশাদারিত্ব এবং কঠিন পরিস্থিতিতেও নৈতিক দৃঢ়তার প্রশংসা করে গারগাশ ভারতীয় পাইলটকে ‘সত্যিকারের হিরো’ বলেও উল্লেখ করেন।
এক্স-এ পোস্ট করে গারগাশ লেখেন, “ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার সর্বোচ্চ প্রশংসার যোগ্য। গুরুতর সন্ত্রাসবাদী কাজ এবং সম্ভাব্য বিপর্যয়ের মুখোমুখি হয়ে তিনি সাহস ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।”
একইসঙ্গে ঘটনাটিকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা করা বা কোনও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চরমপন্থা ও সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন গারগাশ।
গারগাশের এই মন্তব্যের দু’দিন আগে, ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি ককপিটে হামলার ঘটনার পর সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সহ-পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করেছিলেন এবং দু’জনেই আহত হন। পরে বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
ঘটনার সময় গুরুতর আহত হওয়া সত্ত্বেও স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন। ফলে যাত্রী ও ক্রু সদস্যরা ভিতরে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে পারেন। বিমানে থাকা অন্য পাইলটরাও পরে বিমানটির নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেন। চিকিৎসার জন্য স্মিতকে পরে UAE-তে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।
এর আগে UAE এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, হামলার সঙ্গে ‘কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ বা উদ্দেশ্য’ যুক্ত ছিল কি না এবং এর পিছনে আগে থেকে কোনও পরিকল্পনা বা নির্দেশ ছিল কি না।
UAE আরও জানিয়েছে, বিমানটি দেশটির রেজিস্ট্রেশনে রয়েছে এবং তাদের পতাকার অধীনে পরিচালিত হওয়ায় এই মামলায় UAE-র বিচারব্যবস্থার এখতিয়ার রয়েছে। তদন্ত চলাকালীন যাচাই না-করা তথ্য ছড়িয়ে না দেওয়ার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
গারগাশের মন্তব্যই এখনও পর্যন্ত কোনও শীর্ষ UAE আধিকারিকের তরফে এই ঘটনাকে প্রকাশ্যে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে বর্ণনা করার প্রথম নজির। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিক তদন্ত এখনও চলছে।
