নয়াদিল্লি: যাত্রীসমেত বিমান হাইজ্যাকের চেষ্টার খবরে শোরগোল পড়ে গিয়েছে। ককপিটে অভিযুক্তের হাতে ভারতীয় পাইলটের আহত হওয়ার ঘটনা সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। যাত্রীসমেত বিমান নিয়ে অভিযুক্ত পাইলট আত্মঘাতী হতে যাচ্ছিলেন, না কি নাশকতার ছক ছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্তও। আর সেই আবহেই বড় সিদ্ধান্ত নিল বিমান সংস্থা FlyDubai. আপাতত ইজ়রায়েলে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তারা। (FlyDubai Plane Hijack Fears)
বুধবার সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল FlyDubai-এর Boeing FZ 1073 বিমানটি। সেই সময় বিমান হাইজ্যাক হয়েছে বলে সঙ্কেত পৌঁছয় এয়ার ট্রাফিক কন্ট্রোলসে। পরে জানা যায়, এক পাইলট যাত্রীভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হতে যাচ্ছিল। বাধা দিতে গেলে অন্য পাইলট, ভারতীয় যুবক স্মিত মচ্ছারকে এলোপাথাড়ি কোপায় সে। ওই গোটা ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর অধরা এখনও পর্যন্ত। (FlyDubai Israel Services)
আর সেই আবহেই ইজ়রায়েলে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল FlyDubai. তারা জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের ওই ঘটনার দরুণই এমন সিদ্ধান্ত। সংস্থার চিফ এগজিকিউটিব অফিসার গাইথ আল গাইথ বিবৃতি দিয়ে বলেন, “স্বস্তির সঙ্গে জানাচ্ছি, বিমানের ১৭২ জন যাত্রী এবং বিমানকর্মীরা নিরাপদ রয়েছেন। সবরকম ভাবে দেখভাল করা হয়েছে তাঁদের। আমাদের ক্যাপ্টেনও তাঁর মধ্যে পড়েন। চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে সংযুক্ত আরব আমিরশাহি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। যে বা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবরকম ভাবে সাহায্য় করব আমরা।”
বিমানকর্মী থেকে যাত্রী, যাঁরা বিমান অবতরণ করান, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাইথ। বলেন, “বিমানকর্মী, ক্যাপ্টেন, বিমান অবতরণ করানো পাইলট, সকলের প্রতি কৃতজ্ঞ আমি। কঠিন সময়ে যাঁরা আমাদের কর্মীদের পাশে ছিলেন, সেই সকল যাত্রীকেও ধন্যবাদ জানাই। FlyDubai-এর তরফে সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ। তাঁরা অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্ব দেখিয়েছেন”।
তবে আপাতত ইজ়রায়েলে বিমান পরিষেবা বন্ধই থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই কার্যকর থাকবে। কর্তৃপক্ষের অনুরোধেই এমন সিদ্ধান্ত। গোটা ঘটনায় এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। FlyDubai জানিয়েছে, তাদের তরফে তদন্ত শুরু হয়েছে। সেই রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে, আসলে কী ঘটেছিল। গাইথ বলেন, “আমরা জানি, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে।” গোটা ঘটনায় নাশকতার ইঙ্গিত রয়েছে বলে দাবি ইজ়রায়েলের। সব দিক খতিয়ে দেখছে সংযুক্ত আরব আমিরশাহি।
CM Suvendu Adhikari: “ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল”, নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?