Last Updated:
Russia Tanker Fire: ইউক্রেনের হামলায় রাশিয়ার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। জাহাজে থাকা ২৩ জন ভারতীয় ক্রুকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সোচি, রাশিয়া: মঙ্গলবার রাশিয়ার দক্ষিণ উপকূলে দাউদাউ করে জ্বলল একটি তেলবাহী ট্যাঙ্কার। জানা গিয়েছে, ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় রাশিয়ার সোচি শহরের আকাশ, বাতাস। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজ ব্ল্যাক সি-তে হামলার শিকার হয়, অপরিশোধিত তেলে আগুন ধরে যায়।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলকর্মীরা সঙ্গেসঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। তবে জাহাজে থাকা ২৩ জন ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, উদ্ধার হওয়া প্রত্যেকেই ভারতীয় নাগরিক। সোচি থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, সমুদ্রের কাছে জ্বলছে তীব্র আগুন, ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। কর্তৃপক্ষ সৈকত ও উপকূলের কয়েকটি এলাকায় মানুষের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে।
সিরিয়াস ফেডারেল টেরিটরির প্রধান দিমিত্রি প্লিশকিন ট্যাঙ্কারে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি, আপাতত স্থানীয় সব সৈকত বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। প্লিশকিন বলেন, “ ব্ল্যাক সি-তে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিরিয়াসের সৈকতগুলি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। জল ও বাতাসের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।” তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সার্ভিসের সঙ্গে একজোট হয়ে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকা এবং জানলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতে থাকা যুদ্ধের আবহে রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই ব্ল্যাক-সি ও তার আশপাশের অঞ্চলের জ্বালানি পরিকাঠামো এবং যুদ্ধের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনীয় পণ্য বহনকারী শস্যবাহী জাহাজগুলিতে হামলা চালায় রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার তেল পরিকাঠামোয় হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, ইউক্রেনের শহরগুলিতে মস্কোর লাগাতার হামলার পাল্টায় এই হামলা চালানো হচ্ছে।
