ভোট গণনার দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার ৪ মে, ভোটগণনার দিন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।
আজ, শনিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কবার্তা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়বৃষ্টির প্রভাব আরও বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা। মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রভাব ও ব্যাপকতা কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ শনিবারে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার (৪ মে) ও মঙ্গলবার (৫ মে) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে ঝড়বৃষ্টি কমবে এবং ক্রমশ শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতার আবহাওয়া:
সকালে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। আজ, শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে। আজ সম্ভাবনা কম থাকলেও রবিবার এবং সোমবার সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।