Last Updated:
West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এবার এক অভূতপূর্ব নজির তৈরি হলো। বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল ৩টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধুলিসাৎ করে দিয়েছে।
কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এবার এক অভূতপূর্ব নজির তৈরি হলো। বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন বিকেল ৩টে বাজতেই রাজ্যবাসী বিগত কয়েক দশকের রেকর্ড ধুলিসাৎ করে দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভোট পড়েছে ৭৮.৬৮ শতাংশ। তবে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে সামগ্রিক চিত্রটি আরও চমকপ্রদ— ইতিমধ্যেই ভোটদানের হার ৮৬.৩৫ শতাংশে পৌঁছে গিয়েছে।
ভোটের এই পরিসংখ্যান বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। এর আগে ২০১১ সালের ঐতিহাসিক ‘পরিবর্তনের’ নির্বাচনে রাজ্যে সর্বোচ্চ ৮৪.৩৩ শতাংশ ভোট পড়েছিল। এবার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই সেই সর্বোচ্চ হারকে অনায়াসেই ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। ভোটদানের এই বিপুল উৎসাহ গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। বিকেল ৩টের হিসেব অনুযায়ী, ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজারেরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বুধবার বিকেল পর্যন্ত মোট ৫ কোটি ৮৯ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন। রাজ্যের মোট ৬ কোটি ৮২ লক্ষ ৫২ হাজার ৬০৩ জন ভোটারের মধ্যে সিংহভাগই ইতিমধ্যে বুথমুখী হয়েছেন, যা শতাংশের নিরিখে ৮৬.৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
তবে প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বিকেল পর্যন্ত ভোটদানের গতি কিছুটা ধীর। গত বৃহস্পতিবার প্রথম দফার ১৫২টি আসনে ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৭৮.৭৭ শতাংশ, যেখানে দ্বিতীয় দফায় তা ৭৮.৬৮ শতাংশ। উল্লেখ্য, প্রথম দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোটারের মধ্যে ৯৩.১৯ শতাংশ মানুষ তাঁদের রায় যন্ত্রবন্দি করেছেন। কমিশনের চূড়ান্ত হিসেব অনুযায়ী প্রথম দফায় ভোটদানের হার দাঁড়িয়েছে ৯৩.১৩ শতাংশ।
বিকেল ৩টেতেই যেহেতু রেকর্ড ভাঙা হয়ে গিয়েছে, তাই ভোটগ্রহণ শেষে চূড়ান্ত হার কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। বিশেষজ্ঞরা মনে করছেন, বাকি তিন ঘণ্টায় এই শতাংশ আরও অনেকটা বাড়বে। তবে আপাতত এটুকু স্পষ্ট যে, ২০২৬-এর এই নির্বাচন পশ্চিমবঙ্গের ভোটদানের ইতিহাসে একটি নতুন রেকর্ড হিসেবে খোদাই হয়ে রইল। বাংলার মানুষের এই বিপুল অংশগ্রহণ রাজ্যের রাজনৈতিক সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই সবথেকে বড় কৌতূহলের বিষয়। সব উত্তর মিলবে ৪ মে।
Kolkata,West Bengal
