Last Updated:
Tamil Nadu Assembly Election Exit Results Polls of Polls: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বুধবার সন্ধ্যা থেকে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’-এর রিপোর্ট। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু নিয়ে সারা দেশের মানুষের প্রবল কৌতূহল ছিল।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বুধবার সন্ধ্যা থেকে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’-এর রিপোর্ট। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু নিয়ে সারা দেশের মানুষের প্রবল কৌতূহল ছিল। বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এবার ক্ষমতা দখলের লড়াই হতে চলেছে অত্যন্ত তীব্র। বিদায়ী ডিএমকে জোট এবং এআইএডিএমকে-এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
সিএনএন-নিউজ ১৮-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পাল্লা কিছুটা ভারী এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের দিকে। এই বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ ১১৪ থেকে ১২৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। অন্যদিকে, বর্তমান শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন জোট ১০৩ থেকে ১১৩টি আসন নিয়ে সামান্য পিছিয়ে থাকতে পারে। এছাড়া অভিনেতা বিজয়ের দল টিভিকে ৪-১০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে।
অন্যদিকে, ‘পোল অফ পোলস’-এর রিপোর্টে আবার উল্টো ছবি উঠে এসেছে। সেখানে ডিএমকে নেতৃত্বাধীন জোটকে সরকার গড়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, ডিএমকে জোট ১২৮টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অতিক্রম করে যাচ্ছে। বিপরীতে, এআইএডিএমকে-এনডিএ জোট ৮৪টি আসনে আটকে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন অভিনেতা থালাপথি বিজয়। তাঁর নতুন দল ‘টিভিকে’ প্রথম নির্বাচনেই বড় ফ্যাক্টর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সিএনএন-নিউজ ১৮-এর মতে বিজয় ৪ থেকে ১০টি আসন পেতে পারেন, তবে পোল অফ পোলসের হিসেবে তা ১৯টি পর্যন্ত পৌঁছাতে পারে। শেষ পর্যন্ত বিজয়ের দল ‘কিংমেকার’ হয়ে উঠবে কি না, তার চূড়ান্ত উত্তর পাওয়া যাবে আগামী ৪ঠা মে, আসল ফলাফল প্রকাশের দিন।
Kolkata,West Bengal
