Last Updated:
Delhi Fire: দিল্লির শাহদরা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নয়াদিল্লি: দিল্লির শাহদরা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনায় মৃতদের পরিবার, পরিজন এবং আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর৷
প্রধানমন্ত্রীর দফতর (PMO) ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ পোস্টে বলা হয়েছে, ‘‘দিল্লির শাহদারা জেলায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’
প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
ঘটনাটি রবিবার, ৩ মে ভোররাতে ঘটে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার ভোর প্রায় ৩:৪৭ মিনিটে দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। সঙ্গে সঙ্গেই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগুন লাগার সময় বহু বাসিন্দা ঘরের ভিতরে আটকে পড়েছিলেন। দ্রুত পদক্ষেপে দমকল কর্মীরা প্রায় ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে অন্তত দু’জন সামান্য আহত হন এবং তাঁদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামান হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও উপরের তলায় এখনও ধোঁয়া থাকায় তল্লাশি অভিযান চালান হচ্ছে। শাহদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ আরপি মীনা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে৷
Kolkata,West Bengal
