কলকাতা: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। কে বসবে পশ্চিমবঙ্গের মসনদে? কোন ফুলে আস্থা রাখবেন রাজ্যবাসী? উত্তর মিলবে আজ। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে গণনা। গেম চেঞ্জার কি হবে SIR? জানা যাবে আজই।
আজ খোলা হবে EVM, জানা যাবে মানুষের রায়। পরিবর্তন না প্রত্যাবর্তন? স্পষ্ট হবে বেলা বাড়লেই। ভরকেন্দ্র কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। তাঁর উল্টোদিকে বিজেপি প্রার্থী এখানে শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ১৪টি টেবিলে হবে ২০ রাউন্ড গণনা। গণনার আগে দলের এজেন্টদের সঙ্গে ফের বৈঠক করলেন মমতা।
কী হবে এবার? সাসপেন্স বাড়াচ্ছে নন্দীগ্রামও, ফল জানা যাবে ১৯ রাউন্ড গণনার পর। ফলতা বাদে আজ ২৯৩ আসনের ফল ঘোষণা। ২১ মে পুনর্নির্বাচন ফলতায়, ফল ঘোষণা ২৪ মে। কড়া শাস্তির মুখে পড়তে পারেন প্রশ্নে প্রিসাইডিং অফিসার থেকে পর্যবেক্ষক, খবর কমিশন সূত্রে। ইতিমধ্য়েই জানানো হয়েছে যে রাজ্যের ৭৭ টি গণনা কেন্দ্রে মোট ৪৮৫টি হলে ভোট গণনা হবে। সবচেয়ে বেশি গণনা হবে চুঁচুড়ায়। আবার বীজপুর, মেটিয়াব্রুজ ও সপ্তগ্রামে সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে। মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত থাকছেন।
সব গণনাকেন্দ্রের সামনে ১৬৩ ধারা, জমায়েতে নিষেধাজ্ঞা। সাঁজোয়া গাড়ি থেকে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ- দুর্গের চেহারায় সব কাউন্টিং সেন্টার।গণনাকেন্দ্রের পাহারায় কেন্দ্রীয় বাহিনী, ২৯৩ কেন্দ্রের জন্য অতিরিক্ত ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ। পুলিশের অনুমতি ছাড়া করা যাবে না বিজয় মিছিল। এদিকে, গণনায় লোডশেডিং আশঙ্কা তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জলপাইগুড়িতে গণনাকেন্দ্রের সামনে ট্রান্সফর্মার পাহারা দিচ্ছেন তৃণমূলকর্মীরা।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২ দফায় ভোট হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এই সাতটি জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। এবার আজ সোমবার ৪ মে পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে।