Last Updated:
West Bengal Election Results 2026: ঝাড়গ্রামের স্টলে ঝালমুড়ি খাওয়ার পরেই মোদির বিরুদ্ধে দফায় দফায় কটাক্ষ করতে শুরু করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, মোদিও পাল্টা কটাক্ষ করেছিলেন, ‘ঝালমুড়ি খেয়েছি আমি, আর ঝাল লেগেছে তৃণমূলের৷’’
নয়াদিল্লি: মাছ, ঝালমুড়ি এবং গঙ্গাবক্ষে নৌকাবিহার৷ তাঁর বঙ্গ নির্বাচনী প্রচারে বাঙালির তিন চরিত্রকে ধরার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে এই তিনের মধ্যে সবচেয়ে বেশি যা নজর কেড়েছিল তা হল ঝাড়গ্রামের প্রচার সভা শেষে রাস্তার ধারের একটি দোকান থেকে মোদির ঝালমুড়ি কিনে খাওয়া৷ যে ছবি, ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ তৃণমূল তো বটেই, এমনকি, বার বার এই ‘ঝালমুড়ি’ নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও৷ পাল্টা নরেন্দ্র মোদিও বলেছিলেন, ‘ঝালমুড়ি খেয়েছি আমি, আর ঝাল লাগল তৃণমূলের৷’ বঙ্গে নির্বাচনী ট্রেন্ডে গেরুয়া রং লাগতেই এবার সেই ‘ঝালমুড়ি’কেই জয়োল্লাসের ‘চিহ্ন’ বানাতে চাইছে বিজেপি৷
জানা গিয়েছে, বঙ্গজয়ের ছবি স্পষ্ট হতে শুরু করতেই বিজেপির সদর দফতরে ঝালমুড়ি দিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে।
একেবারে বিজেপি কার্যালয়ের ভিতরেই বসে গিয়েছে ঝালমুড়ির স্টল। হাতে হাতে উঠে যাচ্ছে সেই ঝালমুড়ির প্লেট৷ উচ্ছ্বাসে, আনন্দে সেই স্বাদ আস্বাদন করছেন বিজেপি কর্মীরা৷
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর বাংলার দিকেই। ইতিমধ্যেই সদর দফতরে ভোজের প্রস্তুতি জোরদার। ৪০০-৫০০ জনের খাবারের আয়োজনে রয়েছে বাঙালির মিষ্টি দই, রসগোল্লা। সঙ্গে ঝালমুড়ির স্টল৷
বাংলা জয়ের গন্ধ পেতে শুরু করলে তৈরি হতে শুরু করেছে ঝালমুড়িও৷ তবে শুধুমাত্র নয়াদিল্লির পন্ডিত দিন দয়াল উপাধ্যায় মার্গের সদর দফতরই নয়, উত্তর কলকাতায় বিজেপির প্রথম পার্টি অফিস মুরলীধর সেন লেনের কার্যালয়েও মিষ্টির পাশাপাশি, ঝালমুড়ি নিয়ে তৈরি বিজেপি কর্মীরা৷
New Delhi,New Delhi,Delhi
West Bengal Election Results 2026: প্রচারের মতো, রেজাল্টেও ঝাল ঝাল ‘ঝালমুড়ি’! বঙ্গে বিজেপি এগোতেই স্টল নিয়ে ‘তৈরি’ দিল্লির দফতর
