Last Updated:
West Bengal Assembly Elections Results 2026: রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সাফল্য পেল পদ্ম শিবির। এমনকী পদ্ম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলের গড় বীরভূমও।
দক্ষিণবঙ্গকে তৃণমূলের গড় বলা হত। কিন্তু বাংলার বিধানসভা ভোটের ফলে গেরুয়া ঝড়ে ধস নামল সেখানেও। রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সাফল্য পেল পদ্ম শিবির। এমনকী পদ্ম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলের গড় বীরভূমও। আর তারপরই জেলায় বিভিন্ন দিক থেকে আসছে রাজনৈতিক সন্ত্রাসের খবর।
বিগত এক দশকের বেশি সময় ধরে অনুব্রত মন্ডল নিজের জেলায় বলে বলে সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তাই শত বিতর্কের পরও অনুব্রতর পাশে থেকেছে দল। এবারের ভোটের পরও নিজের জেলা নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল অনুব্রতর মন্ডলের গলায়। কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল দিকে দিকে ফুটলো পদ্মফুল৷
জেলার ১১ টি আসনের মধ্যে ৬ টিতে জয়ী বিজেপি প্রার্থীরা৷ হেরে গিয়েছেন ৫ বারের বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায় থেকে দলের ২ জন জয়ী প্রার্থী৷ আর এর পরেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে ভোটের ফল প্রকাশ পরবর্তী হিংসা। বোলপুরে গণনা কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরদের মারধর করা হয় বলেও অভিযোগ।
অপরদিকে, কীর্নাহারে তৃণমূল কর্মীদের দোকান ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ এছাড়াও দিকে দিকে উত্তেজনা ছড়িয়েছে৷ অনুব্রত মণ্ডলের নীচুপট্টীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা জুড়ে চাপা উত্তেজনা। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনি।
Kolkata,West Bengal
