Last Updated:
বিজেপি ১০০টি আসন চুরি করেছে বলে আগেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল হারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
আবীর ঘোষাল, কলকাতা: সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের ভোটগণনা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। এমনকি, খাস কলকাতায় শাসকদলের গড়েও একের পর এক আঘাত হেনেছে বিজেপি।
তৃণমূলের হারের পর রাহুল গান্ধি মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘কংগ্রেসের কেউ কেউ এবং আরও অনেকে তৃণমূলের পরাজয় নিয়ে উল্লাস করছেন। তাদের এই বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করা প্রয়োজন, অসম ও বাংলার জনরায় চুরি করাটা হল ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে বিজেপির একটি বড় পদক্ষেপ। তুচ্ছ রাজনীতি একপাশে সরিয়ে রাখুন। এটি কোনও নির্দিষ্ট একটি দল বা অন্য কোনও দলের বিষয় নয়; এটি হল 🇮🇳-এর বিষয়।’’

বিজেপি ১০০টি আসন চুরি করেছে বলে আগেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল হারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন চুরির অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন রাহুল।
সূত্রের খবর, খুব শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট । পশ্চিমবঙ্গে ১০০ আসন কমিশনের সাহায্যে চুরি করা হয়েছে বলে অভিযোগ রাহুলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই চুরির বিষয়ে তিনি সহমত বলে জানিয়েছেন। এই বিষয়ে তামিলনাড়ুর স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা বললেন রাহুল। পরে জানা গিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আসার আমন্ত্রণ জানাবেন রাহুল গান্ধি। সূত্রের খবর আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। ভোট চুরিকে এজেন্ডা করে দেশজুড়ে প্রচারের কৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। একইসঙ্গে অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর ভোট পর্যালোচনা করা হবে বৈঠকে। আলোচনা হবে কমিশনের ভূমিকা নিয়েও।
Kolkata,West Bengal
May 05, 2026 12:53 PM IST
